বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠক ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, আগামী ১৫ আগস্ট উপলক্ষে রাজধানীজুড়ে আইন অমান্য করে ‘ঝটিকা মিছিল’ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি সভা চলছিল ওই ফ্ল্যাটে। সংবাদের ভিত্তিতে ডিএমপির গুলশান বিভাগের ভাটারা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৫৩ জন নেতাকর্মীকে হাতেনাতে আটক করে।
অভিযানকালে তাদের তল্লাশি করে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান সংবলিত একাধিক প্ল্যাকার্ড, ব্যানার ও উসকানিমূলক প্রচারপত্র জব্দ করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এবং গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে। ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা ঝটিকা মিছিলের চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।

