গাজীপুর প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে “ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ ফেয়ার ২০২৬ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেয়ারের উদ্বোধন করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেলিস্ট হিসেবে আরও উপস্থিত ছিলেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. এ. হাসিব।
২৫ জুন বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের ৯ম ও ১০ম তলায় ফেয়ারটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সমাপনী বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে“ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ এডুকেশন ফর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস: গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল পার্সপেকটিভ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও উদ্যোক্তা-চেতনা বিকাশ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
প্রকৌশল শিক্ষার্থীদের কেবল দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে নয়, বরং উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিসপ্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

