
আজকের ডেস্কঃ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে (সুইস ব্যাংক) মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বৃদ্ধির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের পেছনে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও নীতিনির্ধারকদের সরাসরি দায় দেখছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
সম্প্রতি ‘কালের কণ্ঠ মাল্টিমিডিয়া’র জনপ্রিয় টকশো *কালের সংলাপ*-এ অংশ নিয়ে তিনি এই বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর দাবি, বর্তমান বিএনপি সরকার মাত্র চার মাস হলো রাষ্ট্রক্ষমতায় এসেছে, অথচ এই অর্থ পাচারের ঘটনা ঘটেছে তার আগের ১৮ মাসে।
টকশোতে অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব সরাসরি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্তাদের দিকে ইঙ্গিত করে বলেন “গত ১৮ মাসে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তারাই এই বিপুল অর্থ পাচার করেছেন। এই সময়ের মধ্যে ক্ষমতায় ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্য উপদেষ্টারা। এই অর্থ পাচারের বিরুদ্ধে আমাদের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে একটি রিট পিটিশনও দায়ের করেছিলেন, যদিও আদালত তখন কোনো আদেশ দেয়নি।”
আইনজীবী মামুন মাহবুব সুইস ব্যাংকের এই পরিসংখ্যানকে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির বড় প্রমাণ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই রিপোর্টই প্রমাণ করে তারা শুধু দেশের রাষ্ট্র ব্যবস্থাকেই ধ্বংসের দিকে নিয়ে যায়নি, বরং নিজেরাও চরম দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। চড়া সুরে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “রিপোর্টই তো সব প্রমাণ করছে, আর তা না হলে তারা নিজেরা প্রকাশ্যে এসে বলুক যে তারা অর্থ পাঠাননি!”
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক (Swiss National Bank – SNB) তাদের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী মাত্র এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্বজুড়ে কর ফাঁকি দেওয়া, অবৈধ কালো টাকা কিংবা আইনি জটিলতা থেকে বাঁচতে ধনকুবেরদের প্রথম পছন্দ সুইজারল্যান্ডের এই গোপন ব্যাংকিং ব্যবস্থা। আর সেখানেই বাংলাদেশিদের অর্থের এই উল্লম্ফন দেশের চরম অর্থনৈতিক সংকটের মাঝে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের নীতি ও কর্মকাণ্ড নিয়ে এটিই সবচেয়ে বড় এবং সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ। ৪১ শতাংশ অর্থ বৃদ্ধির এই খতিয়ান এখন দেশের টকশো থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সাবেক উপদেষ্টাদের পক্ষ থেকে এই গুরুতর অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি।
