‘চীন-মিয়ানমার করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টাতেই পণ্য যাবে চীনে’: সিলেটে বাণিজ্যমন্ত্রী

0
‘চীন-মিয়ানমার করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টাতেই পণ্য যাবে চীনে’: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরোঃ আগামী দিনে বাংলাদেশে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশ যুক্ত হতে পারলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকে করে দেশটিতে পণ্য পৌঁছানো সম্ভব হবে, যা দেশের রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা করবে।

শনিবার (২৭ জুন) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “চীন ইতোমধ্যে বাংলাদেশের প্রায় সব পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এখন আমাদের সামনে সবচেয়ে বড় সম্ভাব্য উপায় হলো বাংলাদেশে বেশি বেশি চায়নিজ বিনিয়োগ আকর্ষণ করা। তারা এখানে উৎপাদন করে পণ্য রপ্তানি করলে আমাদের বাণিজ্য ঘাটতি বিপুল পরিমাণে কমে আসবে।”

বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া সাম্প্রতিক কিছু মেগা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে একটি বিশেষ ‘চাইনিজ অর্থনৈতিক অঞ্চল’ বা শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে দেশটির প্রধানমন্ত্রী, শীর্ষ নেতৃবৃন্দ এবং বড় বড় করপোরেট ও গ্লোবাল বিনিয়োগকারীদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। এর সুফল হিসেবে আগামী দিনে দেশে বিপুল চীনা বিনিয়োগ দেখা যাবে।

এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম। রাষ্ট্রে যদি বিচারহীনতার পরিবেশ তৈরি হয়, তবে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে।”

তিনি আরও যোগ করেন, সংবিধানে বর্ণিত নাগরিকের মৌলিক অধিকার, সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।