এলজিআরডি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রংপুর বিভাগের ১১ জন জামায়াতের এমপির সংবাদ সম্মেলন

0
এলজিআরডি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রংপুর বিভাগের ১১ জন জামায়াতের এমপির সংবাদ সম্মেলন

জয়নাল আবেদীন:জাতীয় পার্টি ও জামায়াতকে ভোট দেয়ার কারণে রংপুর উন্নয়ন বঞ্চিত হচ্ছে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুর বিভাগের জামায়াতের ১১ জন সংসদ সদস্য।

মঙ্গলবার রাতে রংপুর জেলা পরিষদ মিলনায়তনে রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল সংবাদ সম্মেলনে বলেন, এলজিআরডি মন্ত্রী আমাদের এ অঞ্চলের অভিভাবক তুল্য প্রাজ্ঞ রাজনীতিবীদ। তিনি কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে বলেছেন রংপুরের মানুষ বিএনপিকে ভোট না দিয়ে জাতীয় পার্টিকে দেয়, জামায়াতকে ভোট দেয়। তাহলে আপনাদের এলাকার উন্নয়ন কিভাবে হবে। রংপুরের মানুষের সচেতনতার অভাব রয়েছে। প্রথমত এলজিআরডি মন্ত্রী রংপুরের মানুষকে অসচেতন বলে অসম্মান করেছেন।

একটিই দলকে ভোট দেয়া গণতান্ত্রিক চেতনা না। মানুষ ভোট দেবে স্বেচ্ছায়- স্ববিবেচনায়। এখানে নির্দিষ্ট দলকে ভোট দিতে বললে তো গণতন্ত্র থাকলো না। তাহলে এক দলীয় শাসন ব্যবস্থা হতো। বিএনপিকে সবাই ভোট দিলে বিরোধী থাকতো না। বিরোধী দল ছাড়া সরকার চলতে পারে না।তিনি বলেন, বিরোধী দলের এমপি থাকার কারণে এলাকার উন্নয়ন হবে না এটি গণতান্ত্রিক কথা হলো না। উন্নয়নের সাথে বিএনপিকে ভোট দেয়ার বিষয়টি যুক্ত করা অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অযৌক্তিক। অবিলম্বে তিনি বক্তব্য প্রত্যাহার করে আগামী দিনে রংপুরের বৈষম্য দূরীকরণে কাজ করবেন। তিনি আরও বলেন, বর্তমানে সারাদেশে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। আমরা মনেকরি সরকারের ভেতরে থাকা কিছু লোকের কারসাজি এটি। সরকারকে জনগণের স্বার্থে কাজ করতে হবে। এ বিষয়ে আমরা স্বারকলিপি দিয়েছি।

আমরা বিশ্বাস করি সরকার দ্রুত এ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নীলফামারীর এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার, ওবায়দুল্লাহ সালাফি, আল ফারুক আব্দুল লতীফ, আব্দুল মুনতাকিম, গাইবান্ধার এমপি মাজেদুর রহমান, আব্দুল করিম সরকার, মাওলানা আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, রংপুরের এমপি রায়হান সিরাজী ও অধ্যাপক গোলাম রব্বানী।