কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে খালের বাঁধ অপসারণ করায় রক্ষা পেল গোলগাছের বাগান। অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর এলাকার খালের তীরবর্তী গোলগাছের গোড়া পচন ধরার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল।
শনিবার শেষ বিকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর এলাকার একে একে তিনটি খালের বাঁধ অপসারণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক নিজ হাতে কোদাল চালিয়ে কার্যক্রমের সূচনা করেন।পরে তিনটি বাদই কেটে দেয়া হয়।তিনি বলেন, এভাবে জনভোগান্তী মুলক কাজের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সোচ্চার।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক থাকলে গোলগাছসহ জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, পাশাপাশি কৃষিজমির পানি নিষ্কাশনও সহজ হবে।
স্থানীয় বাসিন্দারাও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

