যশোর-চুকনগর মহা সড়কে পারথেনিয়ামের আগ্রাসন হুমকিতে জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশে

0
যশোর-চুকনগর মহা সড়কে পারথেনিয়ামের আগ্রাসন হুমকিতে জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশে

কেশবপুর প্রতিনিধি: যশোর-চুকনগর মহাসড়কে সড়কের দুই ধারে মাইলের পর মাইল জুড়ে বিস্তার লাভ করেছে পারথেনিয়াম (Parthenium hysterophorus) নামের এক আগ্রাসী বিষাক্ত আগাছা|

দেখতে ছোট ছোট সাদা ফুলে ভরা সাধারণ গাছের মতো হলেও এটি জনস্বাস্থ্য, কৃষি, গবাদিপশু এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর| দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে আগাছাটির বিস্তার ঘটলেও দৃশ্যমান কোনো সম্মিলিত নির্মূল কার্যক্রম না থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে| সরেজমিনে দেখা যায়, যশোর-চুকনগর মহা সড়কের দুই পাশজুড়ে এতটাই ঘনভাবে পারথেনিয়াম জন্মেছে যে অনেক স্থানে দুটি ভ্যান, মোটরসাইকেল কিংবা ছোট যানবাহন একে অপরকে অতিক্রম করার সময় যাত্রীদের শরীর ওই গাছের সঙ্গে লেগে যাচ্ছে| বর্ষা মৌসুমে আগাছাটির বিস্তার আরও বেড়েছে| রাস্তার পাশ, পতিত জমি, কৃষিজমির আইল, খালপাড়, এমনকি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আশপাশেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই আগ্রাসী উদ্ভিদ| স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগেও এসব এলাকায় দেশীয় ঘাস ও অন্যান্য উদ্ভিদ দেখা গেলেও এখন অধিকাংশ স্থান পারথেনিয়ামের দখলে চলে গেছে|

আগাছাটি দ্রুত বিস্তার লাভ করায় স্থানীয় ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে| উদ্ভিদটি উত্তর ও দক্ষিণ আমেরিকার স্থানীয় হলেও বর্তমানে বিশ্বের অন্যতম ক্ষতিকর আগ্রাসী আগাছা হিসেবে পরিচিত| আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN) এটিকে বিশ্বের সবচেয়ে ক্ষতিকর আগ্রাসী উদ্ভিদগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে| একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় ২০ থেকে ২৫ হাজার বীজ উৎপাদন করতে পারে| বাতাস, বৃষ্টির পানি, যানবাহনের চাকা এবং গবাদিপশুর মাধ্যমে এসব বীজ দ্রুত নতুন এলাকায় ছড়িয়ে পড়ে| বিশেষজ্ঞদের মতে, পারথেনিয়ামের সবচেয়ে বড় ক্ষতি এর পরাগ ও পাতায় থাকা বিষাক্ত রাসায়নিক উপাদান ‘পারথেনিন’| এর সংস্পর্শে এলে মানুষের ত্বকে অ্যালার্জি, চুলকানি, একজিমা, শ্বাসকষ্ট, হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো জটিল স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে| কৃষক, পথচারী, সড়ক সংস্কারকর্মী ও মাঠপর্যায়ে কর্মরত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন| অথচ অধিকাংশ মানুষই জানেন না যে প্রতিদিন যে গাছের পাশ দিয়ে চলাচল করছেন, সেটিই তাদের স্বাস্থ্যের জন্য নীরব হুমকি হয়ে উঠছে|

শুধু মানুষের স্বাস্থ্য নয়, কৃষিক্ষেত্রেও পারথেনিয়ামের ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী| এ আগাছা মাটিতে এমন রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা আশপাশের ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে| ফলে ধান, পাট, ভুট্টা, সরিষা, ডালসহ বিভিন্ন ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে| গবাদিপশু ভুলবশত এ গাছ খেলে বিষক্রিয়া, হজমের সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়| বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্যের ওপরও পড়ছে| সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যশোর-চুকনগর মহা সড়কের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে আগাছাটির এত ব্যাপক বিস্তার ঘটলেও এখন পর্যন্ত সম্মিলিতভাবে নির্মূলের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি| স্থানীয়দের দাবি, সড়ক ও জনপথ বিভাগ, কৃষি বিভাগ, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দ্রুত নির্মূল অভিযান শুরু করা জরুরি| এ বিষয়ে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পারথেনিয়াম একটি অত্যন্ত ক্ষতিকর আগাছা| সরকারিভাবে এটি নির্মূলে এখনো কোনো বিশেষ কর্মসূচি বা নির্দেশনা পাওয়া যায়নি| তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক ও সাধারণ মানুষকে নিয়মিত সচেতন করা হচ্ছে|

আমরা পরামর্শ দিচ্ছি, গাছে ফুল ও বীজ আসার আগেই শিকড়সহ তুলে নিরাপদভাবে ধ্বংস করতে হবে| প্রয়োাজনে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে| সময়মতো ব্যবস্থা গ্রহণ করা হলে এর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব| যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল বলেন, ‘পারথেনিয়াম একটি আগ্রাসী ও অত্যন্ত ক্ষতিকর উদ্ভিদ| সরকারিভাবে নির্মূলের কোনো পৃথক নির্দেশনা না থাকলেও বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে|

এই আগাছা কৃষিজমিতে দ্রুত বিস্তার লাভ করে ফসলের উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে| পাশাপাশি এর ফুল, পাতা, কান্ড ও পরাগ মানুষের স্বাস্থ্য এবং গবাদিপশুর জন্যও ঝুঁঁকিপূর্ণ| তাই স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ, বন বিভাগ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দ্রুত এ আগাছা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি| স্থানীয় সচেতন মহলের দাবি, যশোর-চুকনগর সড়কসহ জেলার যেসব এলাকায় পারথেনিয়ামের বিস্তার ঘটেছে, সেখানে দ্রুত জরিপ পরিচালনা করে পরিকল্পিত নির্মূল অভিযান শুরু করা হোক| পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে এই আগ্রাসী আগাছার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা| জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পারথেনিয়ামের বিস্তার ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে|

তাই বিষয়টিকে একটি পরিবেশগত ও জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত, সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন|