বিদ্যুৎ বিল বকেয়া ৭ লাখ ৬৬ হাজার টাকা; রাণীনগর টিটিসির সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

0
বিদ্যুৎ বিল বকেয়া ৭ লাখ ৬৬ হাজার টাকা; রাণীনগর টিটিসির সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিদ্যুৎ বিলের বকেয়া দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকা। টানা ৯ মাস বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ বকেয়া জমেছে।

রোববার (২৮ জুন) সকালে বারবার তাগাদা দেওয়ার পরও বিল পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিস। এতে কম্পিউটার ও ইলেকট্রিক্যাল বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে বিকালে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

জানা গেছে, রাণীনগর টিটিসি কর্তৃপক্ষ সর্বশেষ ২০২৫ সালের আগস্ট মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করে। এরপর টানা নয় মাস কোনো বিল পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ বেড়ে ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকায় পৌঁছায়।

এ বিষয়ে রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শেহাবুল হাসান আর্থিক সংকটের কথা উল্লেখ করে বলেন, জুলাই মাসে বাজেট এলে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান বলেন, প্রতিষ্ঠানটির নয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বারবার তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। তাই রোববার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে একই দিন বিকালে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি দ্রুত বকেয়া বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে