বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

0
বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের তুমুল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

জয়নাল আবেদীনঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বছরের পর বছর ধরে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের তীব্র ক্ষোভ ও অসন্তোষ এবার প্রকাশ্য রূপ নিয়েছে। বারবার আশ্বাসের পরও পদোন্নতি বোর্ড (আপগ্রেডেশন বোর্ড) গঠন না করে দীর্ঘসূত্রতা, বৈষম্য ও ‘প্রতারণা’র অভিযোগে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী কর্মকর্তারা।

এর আগে, পূর্বনির্ধারিত ২৮ জুনের পদোন্নতি বোর্ড রহস্যজনকভাবে স্থগিত হওয়ায় গতকাল রবিবারই ক্ষুব্ধ কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, পদোন্নতির আইনি ও প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন বোর্ড বসাতে দিনের পর দিন গড়িমসি করছে।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা প্রশাসনের খামখেয়ালিপনার একটি ধারাবাহিক চিত্র তুলে ধরেন, সর্বশেষ কর্মবিরতির পর খুদেবার্তার (SMS) মাধ্যমে কর্মকর্তাদের জানানো হয় ৯ জুন পদোন্নতি বোর্ড বসবে। কিন্তু তা হয়নি। এরপর ১৬ জুন নতুন তারিখ নির্ধারণ করা হলেও তৎকালীন উপাচার্যের বিদেশ সফরের অজুহাতে বোর্ড স্থগিত করা হয়। প্রশাসন থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, উপাচার্য বিদেশ থেকে ফিরেই ২৮ জুন বোর্ড সম্পন্ন করবেন। কিন্তু সেই নির্ধারিত দিন পার হলেও বোর্ড বসেনি।

“আমরা এ পর্যন্ত ৫০ বারেরও বেশি সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেছি। যথাযথ নিয়ম মেনে আবেদন করার পরও আমাদের ঝুলিয়ে রাখা হয়েছে। এর আগে কর্মবিরতি দিলে উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করেছিলাম। কিন্তু বারবার তারিখ দিয়ে বোর্ড না বসানো স্পষ্ট প্রতারণা।” — মনজরুল ইসলাম, সহকারী কম্পিউটার প্রোগ্রামার (একাডেমিক শাখা)

পদোন্নতি বোর্ড না বসার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে। তিনি দাবি করেন, “শুধু নতুন নিয়োগই নয়, কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রেও মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।”

তবে রেজিস্ট্রারের এই বক্তব্যকে সম্পূর্ণ ‘অজুহাত’ ও ‘বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত কর্মকর্তারা। গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তাদের পাল্টা প্রশ্ন “শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা শুধুমাত্র নতুন জনবল নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য, নিয়মিত পদোন্নতি বা আপগ্রেডেশনের ক্ষেত্রে নয়। যদি পদোন্নতির ওপর সত্যিই নিষেধাজ্ঞা থাকতো, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন বারবার পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করে আমাদের আশ্বাস দিল? এই হয়রানির জবাব কে দেবে?”

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে একটি জরুরি সভায় ব্যস্ত আছেন এবং পরবর্তীতে এ বিষয়ে কথা বলবেন।

এদিকে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, অবিলম্বে এই বৈষম্যমূলক আচরণ বন্ধ করে পদোন্নতি বোর্ডের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা প্রশাসনিক ভবনে অবস্থানসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতার আশঙ্কা দেখা দিয়েছে।