কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২০ কোটি ৮০ লাখ টাকা

0
কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২০ কোটি ৮০ লাখ টাকা
কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ধরা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০৮ টাকা। বাজেটে রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৭০৪ টাকা।
সোমবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে কুলিয়ারচর পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেট সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এবং ১ ও ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. আবুল আহসান ভূঁইয়া, পৌর প্রশাসনিক কর্মকর্তা মিনহাজুল ইসলাম এবং পৌর হিসাবরক্ষক বিধান চন্দ্র দাস।
বাজেটের তথ্যমতে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৩৬৮ টাকা। এর বিপরীতে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৫৫৫ টাকা। সংশোধিত উন্নয়ন বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৬০৮ টাকা।
নতুন অর্থবছরের বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়কবাতি স্থাপন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট সভায় পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, “বাস্তবসম্মত পরিকল্পনা ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা গেলে পৌরবাসীর নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং কুলিয়ারচর পৌরসভার টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।”