প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটক, গণধোলাইয়ের পর ‘গা ঢাকা’!

0
প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটক, গণধোলাইয়ের পর ‘গা ঢাকা’!

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় অবরুদ্ধ হয়ে জনতার হাতে আটক হয়েছেন মো. মুক্তল হোসেন (৫০) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে উপজেলার বল্লভপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

অভিযুক্ত মুক্তল হোসেন উপজেলার ঐতিহ্যবাহী মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এই ঘটনার পর উত্তেজিত জনতার গণধোলাই থেকে বাঁচাতে একটি প্রভাবশালী মহল তাকে ‘চিকিৎসার নামে’ কৌশলে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ঊজানীজোড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী (৩০) স্থানীয় একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। একই পেশায় থাকার সুবাদে মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তল হোসেনের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। একপর্যায়ে তা পরকীয়া প্রেমে রূপ নেয়।

এলাকাবাসীর দাবি, প্রবাসী স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই নারীর ঘরে প্রায়ই গভীর রাতে যাতায়াত করতেন প্রধান শিক্ষক। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় যুবকেরা গত কিছুদিন ধরে ওই বাড়িতে নজরদারি ও পাহারা বসায়।

মঙ্গলবার রাতে সুযোগ বুঝে মুক্তল হোসেন আবারও ওই নারীর ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে মুহূর্তের মধ্যে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে পুরো ঘর ঘেরাও করে ফেলে। বেগতিক দেখে শিক্ষক মুক্তল দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাকে ধরে ফেলে।

উত্তেজিত জনতা তাকে আটক করে গণধোলাই (উত্তম-মধ্যম) দেয়। প্রধান শিক্ষক আটকের এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় একটি প্রভাবশালী মহল তাকে চিকিৎসার অজুহাতে সেখান থেকে সরিয়ে নেয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন “রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষককে আটকে রাখার খবর পেয়ে আমরা পুলিশ পাঠাই। স্থানীয়রা জানায় তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি।”

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও গুঞ্জন সৃষ্টি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন মোড় নিয়েছে। ওই নারীর প্রবাসী স্বামী বিদেশ থেকেই মোবাইল ফোনে দাবি করেছেন, শিক্ষক মুক্তল হোসেন নাকি কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিলেন! স্বামীর এমন অদ্ভুত সাফাইয়ের পর এলাকায় বিষয়টি নিয়ে আরও মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক থাকায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।