আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বমঞ্চে ও দেশের জনগণের সামনে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া তথ্য ছড়াচ্ছেন বলে তীব্র অভিযোগ তুলেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও বর্তমান বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। বুধবার (১ জুলাই) কাতারের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে।
ইসরায়েলের জনপ্রিয় দৈনিক ইয়েদিওত আহরোনোত-এর বরাতে জানা যায়, মধ্য ইসরায়েলে আয়োজিত এক রাজনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আইজেনকোট নেতানিয়াহুর ইরান-নীতির তীব্র সমালোচনা করেন।
ইসরায়েলের বর্তমান বিরোধী দল ‘ইয়াশার পার্টি’-এর প্রধান আইজেনকোট সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন “নেতানিয়াহু রাজনৈতিক ফায়দা লুটতে অত্যন্ত জঘন্য কৌশল বেছে নিয়েছেন। ইরানের কোনো পারমাণবিক বোমা নেই। তিনি ইসরায়েলি জনগণের মধ্যে কৃত্রিম আতঙ্ক ও ভয় সৃষ্টি করার জন্য বাস্তবতাকে সম্পূর্ণ বিকৃত করছেন।”
সম্প্রতি ইসরায়েলের ‘চ্যানেল ১৪’-কে দেওয়া নেতানিয়াহুর একটি সাক্ষাৎকারের সূত্র ধরে আইজেনকোট এই আক্রমণাত্মক মন্তব্য করেন। ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছিলেন, ‘ইরানের হাতে থাকা পারমাণবিক বোমার আঘাত থেকে ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমি নিজেই (পরিকল্পনা ও নির্দেশনায়) দুবার ইরানে বিশেষ অভিযান পরিচালনা করেছিলাম।’
আইজেনকোট এই দাবিকে স্রেফ রাজনৈতিক স্ট্যান্টবাজি এবং অসত্য বলে অভিহিত করেছেন। তার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের জায়গা থাকলেও, দেশটির কাছে এখনই তৈরি কোনো পারমাণবিক বোমা নেই।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর নজরদারির মধ্যে থাকা ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দীর্ঘদিনের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে (যেমন চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদন) পরিচালিত হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে ইসরায়েল ও তার মিত্ররা এই ইস্যুকে বড় করে দেখাচ্ছে।
বিশ্লেষকদের মতে, গাজা ও লেবানন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই সাবেক সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্য নেতানিয়াহুর যুদ্ধকালীন নেতৃত্ব ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ভাবমূর্তিকে দেশের ভেতরে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করালো। বিশেষ করে বিরোধী দলগুলো এখন নেতানিয়াহুর বিরুদ্ধে “ভয়ের রাজনীতি” করার অভিযোগ আরও জোরালো করার সুযোগ পেল।

