ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ঘোষণা; শুরু হলো বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’
বাংলাদেশ প্রতিবেদকঃ অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও, সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল ঐতিহ্য ও মূল্যবোধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী রাষ্ট্রীয় আয়োজন ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এই কর্মসূচির সূচনা লগ্নে প্রধানমন্ত্রী নজরুল বর্ষের স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণে কাজ করছে যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করবে। তিনি বলেন, “শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও যেন মানুষের হিংস্রতার শিকার না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়।”
তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) এই যুগে নতুন প্রজন্মের বিপথগামী হওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এমন জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের কবিতা আমাদের উদীয়মান প্রজন্মের সামনে আশা জাগানিয়া আলোকবর্তিকা। তাই নজরুলকে শুধু সরকারি চার দেওয়ালে আটকে না রেখে, তার জীবন ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।”
জাতীয় কবির স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা স্মরণ করে সরকারপ্রধান জানান, ১৯১৪ সালে কিশোর বয়সে কবি প্রথম ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। কবির স্মৃতিধন্য সেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা বর্তমানে খতিয়ে দেখছে সরকার। এর পাশাপাশি ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী, প্রেম, তারুণ্য এবং সম্প্রীতির কবি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, পরাধীনতা, জুলুম, শোষণ, অসাম্য ও কুসংস্কারের বিরুদ্ধে কবির কলম ছিল শাণিত অস্ত্র। আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন-সংগ্রামে কবির সৃষ্টিশীলতাই ছিল প্রতিবাদ-প্রতিরোধের মূল ভাষা। ইসলামী মূল্যবোধের গান কিংবা ভজন-কীর্তন ও শ্যামা সংগীত—সবক্ষেত্রেই নজরুল আমাদের শুদ্ধ প্রকাশের দিশারি।
প্রধানমন্ত্রী সারাদেশে নজরুলপ্রেমীদের নিয়ে গঠিত ‘নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির’ মাধ্যমে দেশের সব জেলা-উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করার আহ্বান জানান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে এই জমকালো অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও বরেণ্য শিল্পীরা উপস্থিত ছিলেন।

