কুমিল্লা প্রতিনিধি: ফেসবুকের ‘লুকোচুরি’ প্রেম থেকে শুরু। এরপর চার বছরের গভীর সম্পর্ক আর ঢাকার বুকে চুটিয়ে প্রেম। কিন্তু শেষটা হলো এক চরম নাটকীয়তায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে আত্মীয়ের বাড়ি নিয়ে গা-ঢাকা দিয়েছেন প্রেমিক। আর ‘প্রতারিত’ হয়ে নিজের অধিকার আদায়ে প্রেমিকের বাড়ির উঠোনে টানা ১২ দিন ধরে আমরণ অনশনে বসেছেন ২২ বছর বয়সী এক তরুণী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম শিদলাই গ্রামে এখন টক অব দ্য টাউন নুসরাত জাহান নামের ওই তরুণীর এই হাইভোল্টেজ অনশন।
অনুসন্ধানে জানা যায়, প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিদলাই ইউনিয়নের আবু কালামের ছেলে আবু সাঈদ ওরফে সাইফুল ইসলামের সাথে পরিচয় হয় নুসরাতের। হাই-হ্যালো থেকে শুরু হওয়া সেই চ্যাটিং দ্রুতই রূপ নেয় প্রেমে। গত দুই বছর ধরে রাজধানী ঢাকায় নিয়মিত দেখা-সাক্ষাতের মাধ্যমে তাদের সম্পর্ক আরও নিবিড় হয়। তরুণীর দাবি, তাদের মধ্যে ‘স্বামী-স্ত্রীর’ মতোই সম্পর্ক গড়ে উঠেছিল।
গল্পের মোড় ঘোরে ১২ দিন আগে। নুসরাত জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে আবু সাঈদ তাকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চড়বাকর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে দুদিন কাটানোর পর নুসরাত বিয়ের জন্য চাপ দিলে, কৌশলে তাকে রেখে মাঝরাতে চম্পট দেন সাঈদ।
লড়াকু নুসরাতও দমে যাওয়ার পাত্রী নন। বহু কষ্টে সাঈদের বাড়ির ঠিকানা জোগাড় করে সরাসরি হাজির হন ব্রাহ্মণপাড়ার পশ্চিম শিদলাই গ্রামে। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই শুরু হয় আরেক দফা নাটক। সাঈদ ও তার পরিবার নুসরাতকে স্রেফ অস্বীকার করে টানাহেঁচড়া করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।
“সে আমার জীবনের সবকিছু শেষ করে দিয়েছে। আমার আর পেছনে ফেরার কোনো পথ খোলা নেই। হয় সাঈদ আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার লাশ পড়বে!” — কান্নাজড়িত কণ্ঠে অনশনরত নুসরাত জাহান
এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লে আসরে নামেন স্থানীয় শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর। তিনি উভয়পক্ষকে নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠকের আয়োজন করেন। কিন্তু বিচারের মাঝপথেই সবার চোখ ফাঁকি দিয়ে নাটকীয়ভাবে দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত প্রেমিক সাঈদ। পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তীতে সাঈদের পুরো পরিবারই বাড়ি-ঘরে তালা ঝুলিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। তিনি নুসরাতকে আইনি ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দিলেও, ‘প্রেমিককে ছাড়া এক পা-ও নড়বেন না’ বলে সাফ জানিয়ে দিয়েছেন অনড় নুসরাত।
এদিকে এক অদ্ভুত আইনি জটিলতার কথা জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন “ঘটনাটি মূলত প্রেমঘটিত এবং মূল ঘটনা ঘটেছে ঢাকার কাফরুল থানা এলাকায়। তাই ঘটনাস্থল আমাদের আওতাভুক্ত না হওয়ায় আমরা সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারছি না। তাছাড়া কোনো লিখিত অভিযোগও আসেনি। তবে আমরা স্থানীয়ভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করছি।”
অন্যদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি দ্রুত বিষয়টি সমাধানের জন্য থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জোরালো নির্দেশ দিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, শূন্য বাড়িতে একাই অনশন লড়ে যাচ্ছেন নুসরাত। ওদিকে প্রেমিক সাঈদ ও তার পরিবার এখনো নিখোঁজ। শিদলাই গ্রামের বাতাস এখন ভারী হয়ে উঠেছে এক তরুণীর কান্নায়। শেষ পর্যন্ত এই ফেসবুক প্রেমের পরিণতি বিয়েতে গড়াবে, নাকি কোনো ট্র্যাজেডিতে রূপ নেবে—সেদিকেই তাকিয়ে আছে গোটা কুমিল্লা।

