টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার নিজের জমি থেকে ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বলরামপুর গ্রামের নিজ বাড়ির আঙ্গিনা থেকে জেলা মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে আটক করা হয়, সে ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে আসছে আল আমিন, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১১ টি গাঁজা গাছ উদ্ধার এবং আল-আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

