তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও মাদক ও সামাজিক অপরাধমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়: লালমনিরহাটে মির্জা ফখরুল

0
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও মাদক ও সামাজিক অপরাধমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়: লালমনিরহাটে মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি: যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জোরালো ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই মহাপরিকল্পনার মধ্য দিয়ে তিস্তা অববাহিকার মানুষ নতুন জীবন ফিরে পাবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে মাদকবিরোধী ও সামাজিক অপরাধ দমনে গঠিত ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের এক বিশেষ সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের ভয়াবহতা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “মাদকের কারণে আমাদের যুবসমাজ পরাজিত হচ্ছে, নষ্ট হচ্ছে দেশের ভবিষ্যৎ। জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ও সামাজিক অন্ধকারগুলো দূর করতে পারলে আমরা নিশ্চিতভাবে সামনের দিকে এগিয়ে যাব।”

তিনি আরও যোগ করেন, “আমাদের তরুণ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে এক অনন্য বিপ্লবের সূচনা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন কর্মসূচি, এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদানসহ নানামুখী জনকল্যাণমূলক কাজ শুরু হয়েছে। আমরা নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘আলোকিত লালমনিরহাট’ কমিটির প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটে মাদক ও অপরাধ দমনে তাঁর নেওয়া এই উদ্যোগের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন শুধু লালমনিরহাটে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হাসান। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য দেন রোকন উদ্দিন বাবুল (সংসদ সদস্য, লালমনিরহাট-২), রাজীব প্রধান (সংসদ সদস্য, লালমনিরহাট-১)

আলোচনা সভা শেষে মাদকবিরোধী ও সামাজিক অপরাধ দমনের বার্তা নিয়ে একটি বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির আহ্বান জানায়। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।