যুক্তরাষ্ট্রের সাথে সাধারণ বন্ধুত্ব নয়, প্রকৃত অংশীদারত্ব চায় বাংলাদেশ: শফিকুর রহমান

0
যুক্তরাষ্ট্রের সাথে সাধারণ বন্ধুত্ব নয়, প্রকৃত অংশীদারত্ব চায় বাংলাদেশ: শফিকুর রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে শুধুমাত্র সাধারণ বন্ধুত্বের স্তরে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ভিত্তিতে একটি ‘প্রকৃত কৌশলগত অংশীদারত্বে’ (True Partnership) উন্নীত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ জুলাই) বিকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী (Freedom 250) উপলক্ষে এক বিশেষ যৌথ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ জাতীয় সংসদের ‘ককাস অব আমেরিকা’ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস যৌথভাবে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করে।

ককাস অব আমেরিকার কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের দলের দুজন প্রতিনিধি— ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও আমার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) এবং মিস মারদিয়া মমতাজ এই ককাসে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলেমিশে গঠনমূলক সংসদীয় কূটনীতি পরিচালনা এবং দুই দেশের জনগণ ও প্রতিষ্ঠানের সম্পর্ক জোরদারে এটি জামায়াতের ধারাবাহিক প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, সংসদীয় কূটনীতির মূল দায়িত্ব হলো শরণার্থী পরিবার, বন্যাদুর্গত এলাকা এবং কণ্ঠহীন মেহনতি মানুষের মতো সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা।

বক্তব্যের শুরুতে আমীরে জামায়াত জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “দেশীয় সংস্কার কার্যক্রমকে টেকসই ও সফল করতে বিরোধী দলের পক্ষ থেকে আমরা ‘জুলাই জাতীয় সনদের’ প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”

কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর পাশে দাঁড়িয়ে দীর্ঘ মেয়াদে মানবিক সহায়তা দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফল কূটনৈতিক প্রচেষ্টাকে (যার মধ্যে ইরানের সাথে ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি অন্তর্ভুক্ত) স্বাগত জানিয়ে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এই ধারা অব্যাহত রাখার তাগিদ দেন তিনি।

যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আগামী দিনে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ সংসদের ‘ককাস অব আমেরিকা’-এর চেয়ারম্যান ড. মো. ওসমান ফারুকের সভাপতিত্বে আয়োজিত এই রাজকীয় বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ককাসের কো-চেয়ারম্যান ড. মো. মাহবুবুর রহমান, এমপি। এতে আরও বক্তব্য দেন— চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ কূটনীতিক ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্রাস ব্যান্ডের পরিবেশনায় একটি বিশেষ সুরক্ষালহরী বা মিউজিক্যাল কনসার্ট অনুষ্ঠিত হয়।