শর্শা প্রতিনিধি জন্মের পর থেকেই কাটেনি অমাবস্যার অন্ধকার। কেটে গেছে দীর্ঘ ১৬টি বছর, পা রেখেছে ১৭-তে। কিন্তু আজও এক পা-ও নিজে নিজে চলতে পারে না তারা। পারে না ‘মা’ বলে ডাকতে। বলছিলাম যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাসিন্দা দিনমজুর শরিফুজ্জামান মিলন ও তাসলিমা আক্তার দম্পতির যমজ দুই ছেলে সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফির কথা। গুরুতর প্রতিবন্ধী এই দুই সন্তানকে নিয়ে বছরের পর বছর ধরে এক চরম মানবেতর যুদ্ধ চালিয়ে যাচ্ছে এক নিঃস্ব পরিবার।
জরাজীর্ণ একটি দোচালা টালির ঘর। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির আতঙ্কের মাঝেই কাটে দিনমজুর মিলনের পুরো পরিবারের দিনরাত। প্রতিদিন ভোর হলেই শুরু হয় এক অনন্ত সংগ্রাম। মাহি ও রাফি কেউই স্বাভাবিকভাবে হাঁটাচলা বা কথা বলতে পারে না। নিজের দৈনন্দিন কাজ করার ন্যূনতম ক্ষমতাও নেই তাদের।
প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকে আজ অবধি দুই সন্তানকে কোলে তুলেই গোসল করানো, খাওয়ানো, পোশাক পরিবর্তন কিংবা টয়লেটে নিয়ে যেতে হয় বাবা-মাকে। বয়স বাড়ার সাথে সাথে সন্তানদের শারীরিক ওজন বাড়ছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাবা-মায়ের হাড়ভাঙা খাটুনি ও মানসিক যন্ত্রণা। অর্থাভাবে আজ পর্যন্ত সন্তানদের জন্য একটা হুইলচেয়ার পর্যন্ত কিনতে পারেনি এই অসহায় পরিবার।
কান্নাজড়িত কণ্ঠে মা তাসলিমা আক্তার বলেন,
একজন মা হিসেবে এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে! আমার সন্তানরা কোনোদিন আমাকে ‘মা’ বলে ডাকতে পারলো না। যখন দেখি অন্যদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, খেলছে, মায়ের হাত ধরে হাঁটছে তখন বুকটা ফেটে যায়। আমার সন্তানরা শুধু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। ওদের কষ্ট আমি বুঝি, কিন্তু টাকার অভাবে একটু ভালো চিকিৎসাও করাতে পারছি না।
টানাপোড়েনের সংসার, ঝুলে আছে চিকিৎসা
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা শরিফুজ্জামান মিলন। দিনমজুরির কাজ পেলে ঘরে চাল-ডাল আসে, আর কাজ না থাকলে কাটাতে হয় অনাহারে-অর্ধাহারে হাত পাততে হয় প্রতিবেশী কিংবা ধার-দেনার ওপর। এমন পরিস্থিতিতে দুই সন্তানের উন্নত চিকিৎসা, পুনর্বাসন বা প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম (হুইলচেয়ার) কেনা তাদের কাছে এক দূর আকাশের স্বপ্ন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকার, বিত্তবান শ্রেণী,জনপ্রতিনিধি ও বিভিন্ন সমাজসেবী সংগঠন যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেয়, তবে হয়তো এই পরিবারটির দুর্ভোগ কিছুটা লাঘব হবে। অন্তত দুটি হুইলচেয়ার, উপযুক্ত চিকিৎসাসেবা এবং মাথা গোঁজার মতো একটি নিরাপদ বসতঘর এখন এই পরিবারের জরুরি প্রয়োজন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে ওয়াহিদ জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত আবেদন পেয়েছি। খুব দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
বড় কোনো বিলাসবহুল জীবনের স্বপ্ন নেই মিলন-তাসলিমা দম্পতির। দুই প্রতিবন্ধী সন্তানের জন্য সামান্য একটু সরকারি-বেসরকারি সহায়তা, উন্নত চিকিৎসা আর নিরাপদভাবে বেঁচে থাকার একটু নিশ্চয়তাই এখন এই হতভাগ্য বাবা-মায়ের একমাত্র আকুতি।

