
বাংলাদেশ প্রতিবেদকঃ ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে কর্মরত প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে এই কমিটির সদস্য করা হয়েছে।
আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনসহ মাঠ পর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। কর্মকর্তারা জানান, জেলাপর্যায়ে তীব্র জনবল সংকট, মানসম্মত ল্যাবরেটরির অভাব এবং আধুনিক ইকুইপমেন্টের ঘাটতি রয়েছে।
এর পাশাপাশি তারা উল্লেখ করেন, মাঠ পর্যায়ে বিভিন্ন সিন্ডিকেট ও প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে তাদের প্রায়শই নানাবিধ নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হয়। এই ঝুঁকি মোকাবিলায় এবং অভিযান আরও কার্যকর করতে তারা ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) ক্ষমতা বাড়ানোর দাবি জানান।
প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উত্থাপিত প্রতিটি সংকট অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এই সংকটগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের উপায় খুঁজতেই মূলত ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠনের তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন “সমস্যা থাকবেই। তারপরও সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে। সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে সেটি অবশ্যই সম্ভব। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।”
আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। উদাহরণ হিসেবে গুলশান লেকের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের অনেক লেকই আবর্জনায় ভরে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এসব আবর্জনা সমাজের শিক্ষিত মানুষরাই ফেলছেন। যাদের সচেতন হওয়ার কথা, অনেক সময় তারাই সচেতন হন না।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশকে পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ একাই যথেষ্ট নয়, নাগরিকদেরও সদিচ্ছা ও দায়িত্বশীলতা প্রয়োজন। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।”
গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্রঃ বাসস
