এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: ‘খুনের চেষ্টা’, প্রশাসনকে কাঠগড়ায় তুললেন নাহিদ ইসলাম

0
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: ‘খুনের চেষ্টা’, প্রশাসনকে কাঠগড়ায় তুললেন নাহিদ ইসলাম

বাংলাদেশ প্রতিবেদকঃ ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত ৯টা ৪৩ মিনিটের দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এ হামলার ঘটনা ঘটে। এতে দলের অন্তত ৩ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড চেষ্টার অংশ’ হিসেবে উল্লেখ করে এর জন্য স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ এবং স্থানীয় সংসদ সদস্যকে (এমপি) সরাসরি দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঘটনার প্রতিবাদে রাতে সাভার থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, রাতে সাভার ঈদগাহ মাঠে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে আকস্মিকভাবে সভাস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই সমাবেশস্থল লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর ককটেল বিস্ফোরণ ঘটায়।

হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে নেতাকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ককটেল বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে সভাস্থলে থাকা অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন— মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদাত হোসেন (৪০)

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের পরপরই সাভার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি সাভার থানা চত্বরে গিয়ে শেষ হয় এবং তারা সেখানে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন।

রাত সোয়া ১০টার দিকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন “আজকের এই বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন সমাবেশের সময় সুনির্দিষ্টভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টতই আমাদের খুন করার নীল নকশা থেকেই এখানে বোমা হামলা চালানো হয়েছে।”

বর্তমান সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন “প্রশাসনের সহায়তায় আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রাকে নস্যাৎ করতে এই হামলা। স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাব দিতে হবে—কেন আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না, তার কৈফিয়ত দিতে হবে। যদি দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিচার নিশ্চিত করা না হয়, তবে স্থানীয় প্রশাসন এবং এমপিকে আমরা জবাবদিহিতার আওতায় আনবো।”

হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “আমরা আগস্টে এই সাভার থেকেই আমাদের কর্মসূচি সমাপ্ত করেছিলাম। আজ তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে বোমা ফুটিয়েছে। কিন্তু আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জুলাইয়ের আন্দোলন চালিয়ে যাব এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। সীমান্ত সুরক্ষা, তরুণদের কর্মসংস্থান আদায় এবং এই হত্যাকাণ্ডের চেষ্টার বিচার আমরা নিশ্চিত করেই ছাড়ব।”

এদিকে ঘটনার পর থেকে সাভারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করার খবর পাওয়া যায়নি। হামলার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।