‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না গড়লে দেশ আজও পাকিস্তান থাকত’: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

0
‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না গড়লে দেশ আজও পাকিস্তান থাকত’: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিশেষ প্রতিবেদকঃ “১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি প্রতিরোধ যুদ্ধ শুরু না করত, তাহলে এই দেশ এখনও পাকিস্তান থাকত। আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, আর এই যুদ্ধে অগ্রভাগ থেকে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কিন্তু স্বাধীনতার পরবর্তী ইতিহাসে যুদ্ধ ও যোদ্ধাদের এই গৌরবময় অবদানকে সঠিকভাবে তুলে ধরা হয়নি।”

গতকাল রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘মুক্তিউদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার, বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ। সাবেক এই সেনা কর্মকর্তা অনুষ্ঠানে তাঁর সামরিক জীবন, জিয়াউর রহমানের সঙ্গে স্মৃতি এবং মুক্তিযুদ্ধের নানা অজানা ও সত্য ইতিহাস তুলে ধরেন।

নিজের সেনাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, “আমার সেনাবাহিনীতে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, ব্যস্ত ছিলাম ফুটবল নিয়ে। জগন্নাথ কলেজে প্রভাষকের চাকরিও পেয়েছিলাম। পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় থাকার সময় মেজর মোহাম্মদ মালিকের উৎসাহে সেনাবাহিনীতে যোগ দিই।”

তিনি জানান, শুরুতে সেনাবাহিনীর এডুকেশন কোরে কমিশন পেলেও পরে তৎকালীন মেজর রাহাত আমানুল্লাহ ভাটির পরামর্শে যুদ্ধরত শাখায় যোগ দেওয়ার আবেদন করেন। পরবর্তীতে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলের মাঠে ফুটবল খেলার সময় তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়।

স্মৃতিচারণ করে স্পিকার বলেন, “হাফপ্যান্ট ও সাদা শার্ট পরা, চোখে সানগ্লাস পরিহিত মেজর জিয়া আমার সঙ্গে হ্যান্ডশেক করে বলেছিলেন— ‘আই অ্যাম মেজর জিয়া। তুমি পাস আউট করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাবে। মাই ব্যাটালিয়ন ইজ নোন অ্যাজ সিনিয়র টাইগারস।’ তাঁর সেই আন্তরিক আচরণে মোহিত হয়েই আমি অন্য সব ভ্রুকুটি উপেক্ষা করে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে বেছে নিয়েছিলাম।”

২৫ মার্চের ক্র্যাকডাউন ও স্বাধীনতার ঘোষণা: ‘রাজনীতিকরা কৃতিত্ব হাইজ্যাক করেন’

১৯৭০ সালের নির্বাচন ও ২৫ মার্চের কালোরাত্রির প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “১৯৭০ সালের নির্বাচন হয়েছিল ছয় দফার ভিত্তিতে, যা ছিল মূলত বৈষম্যের বিরুদ্ধে ‘সাম্যের আন্দোলন’। ২৫ মার্চ পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করার অব্যবহিত পূর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু শেখ মুজিবুর সাহেব বিচ্ছিন্নতাবাদী হওয়ার দায় নিতে চাননি বলে স্বাধীনতার ঘোষণা দেননি।”

তিনি আরও বলেন, “পাক বাহিনী যখন নিরীহ বাঙালিদের ওপর মেশিনগান, মর্টার ও কামান নিয়ে ঝাঁপিয়ে পড়ল, ঠিক সেই মুহূর্তে জনগণের জীবন ও নারীদের সম্ভ্রম রক্ষায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ গড়ে তোলে। আর ওই ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান, যা হলো প্রকৃত সত্য এবং এই ঘোষণাতেই গোটা জাতি উদ্দীপ্ত হয়েছিল।”

স্বাধীনতার ইতিহাসে যোদ্ধাদের অবদানকে অবমূল্যায়ন করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে স্পিকার বলেন, “স্বাধীনতার পর যে দলটি ক্ষমতায় আসল, তারা বলল যে ৭ মার্চের একটা ভাষণেই দেশ স্বাধীন! মাঝখানের রক্তক্ষয়ী যুদ্ধ, হাজারো মানুষের আত্মাহুতির কোনো উল্লেখ পরবর্তী ইতিহাসে রাখা হয়নি। রাজনীতিকরা সাধারণত নিজেদের এবং নিজেদের দলনেতা ছাড়া অন্য কারও কৃতিত্ব স্বীকার করতে চান না, তারা অন্যের কৃতিত্ব ‘হাইজ্যাক’ করেন।”

মুক্তিযুদ্ধকে একটি ‘জনতার যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, মাত্র ৪ হাজার নিয়মিত সৈনিকের পাশাপাশি ছাত্র, শিক্ষক, রিকশাচালক, দোকানদারসহ সর্বস্তরের প্রায় লক্ষাধিক মানুষ এতে যোগ দিয়েছিলেন। ভারতীয় বাহিনী ২২ নভেম্বর যুদ্ধে অংশ নেওয়ার পর বড় শক্তির প্রাধান্য বিস্তার করলেও, একমাত্র সিলেট জেলা শহরটি সম্পূর্ণ একক প্রচেষ্টায় দখল করেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন (সিনিয়র টাইগারস)। ১৫ ডিসেম্বরের সেই যুদ্ধে হাফিজ উদ্দিন আহমদ নিজে দুটি কোম্পানির নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে তাঁর কোম্পানির আটজন সদস্য শহীদ হন।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি নিজের আজীবন ভালোবাসার কথা জানিয়ে ৮২ বছর বয়সী এই প্রবীণ স্পিকার আবেগঘন কণ্ঠে বলেন, “রাস্তা দিয়ে যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোনো সৈনিককে ক্যাপ পরে মার্চ করে যেতে দেখি, মনটা উদাস হয়ে যায়। তখন মনে হয়— কীসের স্পিকার, কীসের প্রধানমন্ত্রী, কীসের রাষ্ট্রপতি! নাথিং লাইক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। নাথিং লাইক বিইং এ সোলজার।”

বক্তব্যের শেষাংশে তিনি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিনের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার পর ভারতের সঙ্গে করা চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে তিনি শেখ মুজিবুর রহমানকে চিঠি দিয়েছিলেন। চিঠিতে জিয়াউদ্দিন লিখেছিলেন, ‘আপনি ভারতের সঙ্গে কী চুক্তি করেছেন, সেটি জনসমক্ষে প্রকাশ করুন। নতুবা আরেকটা মুক্তিযুদ্ধ শুরু হবে। আপনাকে ছাড়াই তো আমরা দেশকে স্বাধীন করেছি। আবারও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করব।’ আর এই সত্য চিঠি লেখার অপরাধেই পরবর্তীতে জিয়াউদ্দিনকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল।

রাওয়া ক্লাবকে নিজের ‘ঘর’ হিসেবে উল্লেখ করে উপস্থিত সকলের উদ্দেশ্যে স্পিকার প্রশ্ন করেন, “ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের স্বাধীনতায় গৌরবময় অবদান রেখেছে, এ কথাটি আপনারা কি স্বীকার করেন?” উপস্থিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সমস্বরে ‘হ্যাঁ’ সূচক সাড়ার মধ্য দিয়ে স্পিকার বলেন, “আমার মনে হয়, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।”