মাদারীপুরে বিষের বোতল হাতে স্বামীর দুয়ারে স্ত্রীর অনশন

0
মাদারীপুরে বিষের বোতল হাতে স্বামীর দুয়ারে স্ত্রীর অনশন

মাদারীপুর প্রতিনিধি: “আমি স্বপনের কাছে শুধু স্ত্রীর মর্যাদা চাই, অন্য কিছু চাই না। যদি সে আমাকে স্ত্রী হিসেবে স্বীকার না করে, তবে আমি এই বিষপান করে এখানেই মরে যাব। স্বামীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে এক পা-ও নড়ব না।”

হাতে বিষের বোতল আর চোখে জল নিয়ে এভাবেই নিজের অধিকারের আকুতি জানাচ্ছিলেন ৩০ বছর বয়সী রানী আক্তার। ৪ বছরের প্রেম আর ২ বছরের গোপন বিয়ের পর অবশেষে স্বামীর সংসারে ঠাঁই পেতে শ্বশুরবাড়ির সামনে আমরণ অনশনে বসেছেন এই তরুণী।

গতকাল শনিবার (১১ জুলাই) সকাল থেকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং উৎসুক জনতার ভিড় জমছে।

স্থনীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের হানিফ চৌকিদারের মেয়ে রানী আক্তারের সঙ্গে পাশের মধ্যচর গ্রামের আয়নাল খানের ছেলে স্বপন খানের দীর্ঘ ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। রানীর দাবি, প্রেমের পরিনতি হিসেবে ২০২৪ সালের ২০ মে রাজধানীর খিলক্ষেতের মেরাদিয়া এলাকার একটি কাজী অফিসে ৬ লাখ টাকা দেনমোহরে তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর প্রায় দুই বছর কেটে গেলেও স্বপন তাকে নিজের পরিবার কিংবা সংসারে তুলে নেননি। রানী যখনই শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলতেন, স্বপন তখনই নানা অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন।

রানী আক্তারের অভিযোগ, কিছুদিন আগে বিদেশে থাকা এক আত্মীয়কে আইনি ঝামেলা থেকে ছাড়িয়ে আনার কথা বলে স্বপন তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা নেওয়ার পর থেকেই স্বপনের আচরণ বদলে যেতে থাকে। সম্প্রতি রানী জানতে পারেন, তাকে গোপন রেখে স্বপন অন্যত্র বিয়ে করার জোর প্রস্তুতি চালাচ্ছেন। এই খবর পাওয়ার পর থেকেই স্বপন রানীর সঙ্গে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেন। কোনো উপায় না পেয়ে অবশেষে শনিবার সকালে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির আঙিনায় অনশন শুরু করেন রানী।

এদিকে রানীর এই অনশনকে কেন্দ্র করে স্বপনের পরিবারের অবস্থান অত্যন্ত কঠোর। স্বপনের পরিবারের সদস্যরা সাফ জানিয়ে দিয়েছেন, তারা এই বিয়ে কোনোভাবেই মেনে নেবেন না।

স্বপনের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ছেলে যদি বিয়ে করে থাকে, তবে তা আমাদের না জানিয়ে করেছে। আমরা এই বিয়ে মানি না। তাছাড়া ওই মেয়ের চরিত্র ভালো না। ছেলে যদি জোর করে তাকে ঘরে তুলতে চায়, তবে আমরা প্রয়োজনে আমাদের ছেলে স্বপনকেও এই বাড়িতে আর ঢুকতে দেব না। তবুও ওই মেয়েকে আমরা ঘরে নেব না।”

এই রিপোর্ট লেখা পর্যন্ত অনশন ভাঙাতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় কোনো সমঝোতার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা অন্য কোনো পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”