৬ ঘণ্টার ‘রেকর্ড’ বৃষ্টিতে ডুবল ঢাকা: সাতসকালেই কোমরসমান পানি, থমকে গেছে জনজীবন ও যানবাহন

0
৬ ঘণ্টার ‘রেকর্ড’ বৃষ্টিতে ডুবল ঢাকা: সাতসকালেই কোমরসমান পানি, থমকে গেছে জনজীবন ও যানবাহন

বাংলাদেশ প্রতিবেদকঃ শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টি ও অঝোর ধারায় সকালেই জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার (১২ জুলাই, ২০২৬) সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেও বৃষ্টির বেগ না কমায় ঢাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে এখন থইথই করছে পানি। স্বল্প সময়ে এই রেকর্ড পরিমাণ বর্ষণে তৈরি হওয়া তীব্র জলাবদ্ধতায় দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ১২টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, চলতি জুলাই মাসের এই সময়ের মধ্যে রাজধানীতে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পরবর্তী ৩ ঘণ্টায় আরও ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, ধানমন্ডি ২৭ ও ৩২, গ্রিনরোড, পান্থপথ, তেজতুরী বাজার, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, মোহাম্মদপুর, কালশী, মৌচাক, মালিবাগ, বিজয়নগর, শাহজাদপুর, বাড্ডা, রামপুরা ও বনশ্রীসহ অধিকাংশ নিচু এলাকা এখন পানির নিচে। প্রধান সড়ক ও ভেতরের রাস্তাগুলোতে কোথাও গোড়ালি, কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় রিকশা ও সিএনজি বিকল হয়ে পড়ছে। অনেক নিচু এলাকার বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে।

শেওড়াপাড়ার আব্দুল মতিন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “সপ্তাহের প্রথম দিনই সাতসকালে এই দশা। মেইন রোডেই হাঁটুপানি, রিকশাওয়ালারা দ্বিগুণ-তিনগুণ ভাড়া চাচ্ছে।” বনশ্রীর বাসিন্দা রনিম রহমান জানান, বাসার সামনে কোমরসমান পানির কারণে কোনো যানবাহন না পেয়ে তিনি অফিসে না গিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে মেট্রো রেল সচল থাকায় অনেকে চরম ভোগান্তি পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর কয়েকটি স্কুলে চলমান অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া গেছে। রাস্তায় পানি জমে থাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম বলেন, “রাস্তায় পানি থাকায় চালকরা স্বাভাবিক গতিতে চলতে পারছেন না। সিএনজি ও রিকশা উল্টে বা বিকল হয়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।”

রাজধানীতে টানা ভারী বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত ও ঢাকা গেট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ থেকে জরুরি ট্রাফিক আপডেট দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় যাতায়াত বা ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আজ সারাদিনই এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সোমবার বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের ১৭টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।