উল্লাপাড়ায় পলিথিনে ঢেকে পাট জাগ, রং ধবধবে সাদা ও বাড়ে উজ্জলতা

0
উল্লাপাড়ায় পলিথিনে ঢেকে পাট জাগ, রং ধবধবে সাদা ও বাড়ে উজ্জলতা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাচা পাট পলিথিনে ঢেকে পানিতে জাগ দেওয়া হচ্ছে। কৃষক বলছেন পাটের রং ধবধবে সাদা করতে , উজ্জলতা বাড়ানোয় পলিথিন দিয়ে পুরো পাট জাগ ঢেকে রাখা হচ্ছে। এভাবে দেওয়া হলে কম দিনে পাট জাগ আসে বলে জানানো হয়।

উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা নানা জাতের পাট ফসলের আবাদ করেছেন। বেশিরভাগ কৃষক তাদের জমির বোরো ধান ফসল কেটে পাটের আবাদ করেছেন। এছাড়া কোনো কোনো এলাকায় মাঠে আগাম করে পাট ফসলের আবাদ করা হয়েছে। আগাম আবাদের পাট কৃষকেরা কেটে জাগ দিচ্ছেন।

উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মো. শাহরিয়ার এবারে প্রায় আড়াই বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। এর মধ্যে প্রায় চল্লিশ শতক জমিতে সাদা মেছতা আর বাকী জমিতে ( প্রায় পয়তাল্লিশ শতক) আসমান তারা নামে পরাচিত তোষা পাটের আবাদ করেছেন বলে জানান। নিজ এলাকার একটি জলাশয়ে আবাদের পাট কেটে জাগ দেওয়াকালে পুরো পাট জাগ পলিথিনে ঢেকে দিতে দেখা গেছে। পুরো পাট জাগ পলিথিনে ঢেকে এর উপর হালকা মাটি দিয়ে রাখা হচ্ছে । প্রতিবেদককে তিনি বলেন শিক্ষকতার পাশাপাশি নিজ আবাদের জমিগুলোয় আধুনিক প্রযুক্তি ও পদ্ধতিতে বিভিন্ন ফসলের আবাদ করেন। কৃষিতে বদল আনতে চান। তার কথায় পুরো পাট জাগ পলিথিনে ঢেকে রাখায় পাটের রং একেবারে ধবধবে সাদা হয়। পাটের উজ্জলতা বাড়ে। আর পলিথিনে ঢেকে রাকায় কম দিনের মধ্যে পাটে পচন ( জাগ ) আসে। তার দেখাদেখি এলাকার কৃষকদের কেউ কেউ পলিথিনে ঢেকে পাট জাগ দিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন কৃষকেরা কাটা পাট নদী , নালা কিংবা খাল – বিলে ফেলে জাগ দিয়ে থাকেন। সেসব পাটের জাগ কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া হয়। আবার মাটির চাপ দিয়ে রাখা হয়। বেশিরভাগ জাগের পাটের রং কিছুটা ঘোলাটে ভাব ও উজ্জলতা কম হয়। তিনি খোজ নিয়ে জেনেছেন পাটের জাগ পলিথিনে ঢেকে রাখা হলে রং ভালো হয়। কম সময়ে পাট জাগ আসে। তিনি একেবারে বদ্ধ জায়গায় জলাশয়ে পাট জাগ না দিয়ে কিছুটা খোলামেলা জায়গায় পানি আটকে থাকে না এমন জায়গায় পানিতে পাট জাগ দেওয়ার কথা বলেন।