জয়নাল আবেদীন: রংপুরে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে একশ রোগীর হাতে অনুদানের চেক তুলে দেন, রংপুর জেলার সেবক ডিসি মোহাম্মদ রুহুল আমিন।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন।
এসময় ডিসি মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর সমাজসেবা কার্যালয়ের তালিকাভূক্ত জটিল রোগে আক্রান্ত ৮’শ ব্যক্তির মধ্যে ২শ৫৬ জন এ প্লাস ক্যাটাগরির রোগীর মাঝে অনুদানের চেক সরকারীভাবে বিতরণ করা হয়েছে। আজ বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১’শ জন এ প্লাস ক্যাটাগরির রোগীকে অনুদানের চেক দেয়া হলো। যারা চেক পাচ্ছেন তারা সকলেই সমাজসেবার তালিকাভূক্ত এবং চিকিৎসক দ্বারা নির্ধারিত ক্যাটাগরির রোগী। এখন পর্যন্ত জেলায় এ প্লাস ক্যাটাগরির রোগীদের চেক বিতরণ করা শেষ হয়নি। আশা করছি দ্রুতই এটি সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে ছোট রোগের অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে।এনেসথেশিয়লজিস্টের কাজ অন্য কেউ করায় রোগীর জ্ঞান ফিরছে না। তাই চিকিৎসকদের দায়িত্বশীলতার জায়গা থেকে মানুষের প্রতি মানবিক হতে হবে। মানুষের প্রতি ভাল ব্যবহারসহ সহানুভূতিশীল হতে হবে।

