বকেয়া টাকা চাওয়ায় গৃহশিক্ষিকাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করলেন ছাত্রীর মা!

0
বকেয়া টাকা চাওয়ায় গৃহশিক্ষিকাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করলেন ছাত্রীর মা!

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বকেয়া বেতন চাওয়া কিংবা সোনার গহনার প্রতি লোভ—কোনটি আসল কারণ, তা নিয়ে রহস্যের মাঝেই ভৈরবে এক স্কুলশিক্ষিকাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করার হাড়হিম করা ঘটনা ঘটেছে। পৈশাচিক এই হামলায় গুরুতর আহত কিন্ডারগার্টেন শিক্ষিকা সিঁথি সীমিতা (২৮) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়ছেন।

এই নৃশংস বর্বতার অভিযোগে প্রিয়া বেগম (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সিঁথি সীমিতা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। পাশাপাশি তিনি গৃহশিক্ষক হিসেবে প্রিয়া বেগমের সন্তানকে গত তিন মাস ধরে পড়াতেন, যার মাসিক সম্মানি ছিল মাত্র দেড় হাজার টাকা।

ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো ছাত্রীকে পড়ানো শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সিঁথি। ঠিক তখনই ঘরের দরজায় জোড়া ছিটকিনি আটকে দেন প্রিয়া বেগম। কিছু বুঝে ওঠার আগেই ধারালো দা নিয়ে সিঁথির ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

আহত শিক্ষিকার দেবর সারোয়ার সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন “প্রথম কোপটি মাথায় লাগার পর রক্তাক্ত সিঁথি দরজা খুলে পালানোর চেষ্টা করেন। কিন্তু দরজায় দুটি ছিটকিনি লাগানো থাকায় তিনি আটকা পড়েন। প্রিয়া তখন এলোপাতাড়ি কোপাচ্ছিল আর বলছিল, ‘আমার কাছে এক আনা স্বর্ণ নেই, তুই এত স্বর্ণ পরে আছিস ক্যান?’”

শিক্ষিকার গোঙানি ও চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সিঁথির ওপর অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। ধারালো দায়ের আঘাতে তার হাতের সাতটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আঙুল শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া মাথায় ১০টি গভীর ক্ষতের কারণে দিতে হয়েছে প্রায় ৫০টি সেলাই।

এই নৃশংসতার পেছনে প্রকৃত কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পরিবারের একাংশের মতে, গত ৩ মাসের বকেয়া টিউশনির টাকা চাওয়ায় প্রিয়া বেগম ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। স্বজনদের আরেকটি অংশের দাবি, কিছুদিন আগে প্রিয়া শিক্ষিকা সিঁথির কাছে ২০ হাজার টাকা ধার চেয়েছিলেন। সেই টাকা না পাওয়ায় ভেতরে ভেতরে ক্ষোভ পুষে রেখেছিলেন তিনি।

মামলার বাদী শিশু মিয়া একে ‘পরিকল্পিত হত্যাচেষ্টা’ উল্লেখ করে বলেন, শিক্ষিকার শরীরে থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যও থাকতে পারে প্রিয়ার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির বলেন, “অভিযুক্ত প্রিয়া বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। হামলার পেছনের মূল মোটিভ কী—তা টিউশনির বকেয়া, ধারের টাকার বিরোধ নাকি স্বর্ণালংকার আত্মসাৎ, তা গভীরভাবে তদন্ত করে দেখছে পুলিশ।”