রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

0
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ১,০০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, নির্মাণ অগ্রগতি, পরিচালনাগত প্রস্তুতি এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নানা প্রতিবেদনকে ঘিরে জনমনে সৃষ্টি হওয়া বিভিন্ন প্রশ্ন ও কৌতূহল নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদক স্বপন কুমার কুন্ডর সাথে কথা বলেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক অগ্রগতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর দেওয়া সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো।

প্রশ্ন: সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকীয় ও প্রতিবেদনে দাবি করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে, যা জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। অপারেটিং অর্গানাইজেশনের প্রধান হিসেবে এ বিষয়ে আপনার বক্তব্য কী?

উত্তর: প্রথমেই আমি দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং একটি অত্যন্ত কঠোর, ধাপে ধাপে পরিচালিত এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়া। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ (Grid Synchronization) কোনো প্রকল্পের সূচনা নয়; এটি দীর্ঘ কমিশনিং কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক মাত্র। এর আগে শত শত কমিশনিং পরীক্ষা, নিরাপত্তা যাচাই, সিস্টেম ইন্টিগ্রেশন, অপারেটর প্রস্তুতি এবং নিয়ন্ত্রক মূল্যায়ন সম্পন্ন করতে হয়। প্রয়োজনীয় সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন না হলে এবং নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন না দিলে কোনো কমিশনিং ধাপে অগ্রসর হওয়ার সুযোগ নেই।

কিছু প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হয়েছে যেন রূপপুর প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন না করেই পরিচালনার দিকে এগোচ্ছে। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রকল্প বাস্তবায়নের শুরুতেই প্রতিটি কমিশনিং পরীক্ষার পরিধি, পদ্ধতি এবং গ্রহণযোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার ফলাফল স্বাধীনভাবে মূল্যায়ন করা হয় এবং সন্তোষজনক না হলে পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপত্তা ঝুঁকি নিয়ে পরিচালনার দিকে এগোচ্ছে—এমন বক্তব্য প্রকল্পের প্রকৃত অবস্থা প্রতিফলিত করে না।

প্রশ্ন: অনেকেই জানতে চান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং ও পরিচালনার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানের কী দায়িত্ব। BAEC, NPCBL, BAERA, IAEA, Rosatom, CREA, VO Safety এবং Rostechnadzor-এর ভূমিকা কী?

উত্তর: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা কোনো একক প্রতিষ্ঠানের সিদ্ধান্তে পরিচালিত হয় না; এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহুস্তরীয় কারিগরি, নিয়ন্ত্রক এবং নিরাপত্তা তদারকির মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) প্রকল্পের মালিক (Owner) হিসেবে নির্মাণ চুক্তি বাস্তবায়ন ও স্থাপনা গ্রহণের দায়িত্ব পালন করছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL) হলো আইন অনুযায়ী মনোনীত Operating Organization। কমিশনিং, নিরাপদ পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতে কেন্দ্রটির ডিকমিশনিং পর্যন্ত অপারেশনাল দায়িত্ব NPCBL-এর ওপর ন্যস্ত।

অন্যদিকে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রকল্পের প্রতিটি ধাপ মূল্যায়ন করে প্রয়োজনীয় লাইসেন্স প্রদান করে তারা।

কমিশনিং কার্যক্রমের স্বাধীন কারিগরি মূল্যায়নের জন্য BAERA আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন VO Safety-কে Expert Organization হিসেবে নিয়োগ করেছে। Hot Run, Fuel Loading, First Criticality, Low Power Physics Test, Power Ascension Test এবং Grid Synchronization-সহ প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপের ফলাফল ও নিরাপত্তা বিশ্লেষণ পর্যালোচনা করে প্রতিষ্ঠানটি BAERA-কে কারিগরি মতামত প্রদান করে।

রাশিয়ার Concern Rosenergoatom (CREA) কমিশনিং, অপারেশনাল প্রস্তুতি, অপারেটর প্রশিক্ষণ এবং জ্ঞান হস্তান্তরে NPCBL-কে সহায়তা করছে। রাশিয়ার স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা Rostechnadzor গুরুত্বপূর্ণ কমিশনিং পর্যায়ে BAERA-এর সঙ্গে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় করছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) বিভিন্ন Peer Review Mission ও Technical Review-এর মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের প্রস্তুতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।

অর্থাৎ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বাধীন কারিগরি মূল্যায়ন, নিয়ন্ত্রক অনুমোদন এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করেই গ্রহণ করা হয়।

প্রশ্ন: গত বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে IAEA, BAERA এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার একাধিক পর্যালোচনা মিশন পরিচালিত হয়েছে। এসব মিশনের উদ্দেশ্য কী ছিল এবং তাদের মূল্যায়নে কী উঠে এসেছে?

উত্তর: অনেকের ধারণা, NPCBL নিজেই নিজের প্রস্তুতি মূল্যায়ন করে। বাস্তবে তা নয়। গত বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেশনাল প্রস্তুতি, নিরাপত্তা সংস্কৃতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কমিশনিং সক্ষমতা যাচাইয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক মিশন পরিচালিত হয়েছে। এর মধ্যে ছিল IAEA-এর Test Pre-OSART, Pre-OSART ও IPPAS Mission, BAERA-এর Comprehensive Regulatory Inspection, এবং BAEC, NPCBL ও CREA-এর যৌথ Self-Assessment।

এসব পর্যালোচনার ফলাফল অত্যন্ত ইতিবাচক। Test Pre-OSART এবং Pre-OSART মিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়েছে। IPPAS Mission-এর সুপারিশ বাস্তবায়নের কাজও প্রায় শেষ পর্যায়ে। BAERA, VO Safety এবং অন্যান্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মূল্যায়নে কমিশনিং কার্যক্রম আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসারেই এগোচ্ছে।

সম্প্রতি IAEA-এর উপমহাপরিচালক (Deputy Director General) রূপপুর পরিদর্শন করে NPCBL-এর প্রস্তুতি ও অগ্রগতির প্রশংসা করেছেন। এটি বাংলাদেশের অপারেটিং সক্ষমতার প্রতি আন্তর্জাতিক আস্থার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

প্রশ্ন: অনেকের ধারণা, NPCBL এখনও বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করেনি। মানবসম্পদ, প্রশিক্ষণ ও অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে আপনি কী বলবেন?

উত্তর: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার মূল ভিত্তি হলো দক্ষ জনবল এবং শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি। গত এক দশকে বাংলাদেশ সরকার এ খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। শত শত প্রকৌশলী, অপারেটর, রিঅ্যাক্টর বিশেষজ্ঞ, রসায়নবিদ, বিকিরণ সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী রাশিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নিয়েছেন। তারা Full Scope Simulator, On-the-Job ও Classroom Training-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন।

প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি অপারেটরকে BAERA-এর কঠোর লাইসেন্সিং ও মূল্যায়ন প্রক্রিয়া অতিক্রম করতে হয়। একই সময়ে CREA-এর বিশেষজ্ঞরা কমিশনিং পর্যায়ে NPCBL-এর কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা অনুযায়ী জ্ঞান ও অভিজ্ঞতা স্থানান্তর নিশ্চিত করছেন।

ফলে NPCBL আজ শুধু প্রযুক্তিগত নয়, অপারেশনাল ও প্রাতিষ্ঠানিক দিক থেকেও দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য একটি সক্ষম Operating Organization হিসেবে গড়ে উঠেছে।

প্রশ্ন: স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন, রাশিয়ার সঙ্গে স্পেন্ট ফুয়েল ফেরত নেওয়ার কোনো চূড়ান্ত চুক্তি হয়নি এবং বাংলাদেশে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনারও পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ বিষয়ে প্রকৃত অবস্থা কী?

উত্তর: স্পেন্ট ফুয়েল বিষয়ে জনমনে যে উদ্বেগ রয়েছে, তার একটি বড় কারণ আন্তর্জাতিক পারমাণবিক শিল্পের প্রচলিত পদ্ধতি সম্পর্কে সীমিত ধারণা। আমি স্পষ্টভাবে বলতে চাই, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাশিয়ার State Corporation Rosatom-এর মধ্যে Spent Fuel Take Back Agreement ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) ও TVEL-এর মধ্যে দীর্ঘমেয়াদি পারমাণবিক জ্বালানি সরবরাহের Framework Agreement বিদ্যমান। ফলে স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা বা জ্বালানি সরবরাহ নিয়ে কোনো পরিকল্পনা নেই—এমন ধারণা সঠিক নয়।

IAEA-এর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী, ব্যবহৃত পারমাণবিক জ্বালানি রিঅ্যাক্টর থেকে অপসারণের পর তাৎক্ষণিকভাবে অন্য দেশে পাঠানো হয় না। প্রথমে বিদ্যুৎকেন্দ্রের নকশার অংশ হিসেবে নির্মিত Spent Fuel Pool-এ নিরাপদে সংরক্ষণ ও শীতলীকরণ করা হয়, যা বিশ্বের সব আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেই অনুসরণ করা হয়। পরবর্তীতে বিদ্যমান আন্তঃরাষ্ট্রীয় চুক্তি, বাণিজ্যিক ব্যবস্থা এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থাপনা সম্পন্ন হয়।

অতএব, স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে কোনো পরিকল্পনা বা চুক্তি নেই—এমন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রশ্ন: বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়া মাত্র প্রথম তিন বছর পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে এবং এরপর দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একই সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (Operation & Maintenance) চুক্তিও এখনও সম্পন্ন হয়নি। প্রকৃত অবস্থা কী?

উত্তর: এ বিষয়ে কিছু ভুল ধারণা রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) এবং রাশিয়ার পারমাণবিক জ্বালানি প্রস্তুতকারী প্রতিষ্ঠান TVEL-এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পুরো পরিচালনকালব্যাপী পারমাণবিক জ্বালানি সরবরাহের জন্য একটি Framework Agreement ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। তাই প্রথম তিন বছর পর জ্বালানি সরবরাহ অনিশ্চিত—এমন দাবি সঠিক নয়। প্রতিটি জ্বালানি সরবরাহ দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ধাপে ধাপে বাস্তবায়িত হয়।

Operation & Maintenance (O&M) Agreement নিয়েও একই ধরনের বিভ্রান্তি রয়েছে। আন্তর্জাতিকভাবে এ ধরনের চুক্তি সাধারণত নির্মাণকাজ প্রায় শেষ হয়ে কমিশনিংয়ের চূড়ান্ত পর্যায়ে সম্পাদিত হয়, যখন অপারেশনাল প্রয়োজন, প্রযুক্তিগত সহায়তার পরিধি এবং দায়িত্বের বিভাজন চূড়ান্ত হয়। রূপপুর বর্তমানে সেই পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ও রাশিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে একাধিক উচ্চপর্যায়ের কারিগরি বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং দীর্ঘমেয়াদি O&M Agreement ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তা চুক্তি চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের স্বাভাবিক প্রক্রিয়া।

প্রশ্ন: বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের মূল্য (Tariff) এবং Power Purchase Agreement (PPA) এখনও চূড়ান্ত হয়নি। এটি কি প্রকল্পের জন্য উদ্বেগের বিষয়?

উত্তর: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের Tariff নির্ধারণ একটি জটিল আর্থিক ও বাণিজ্যিক প্রক্রিয়া; এটি নিরাপত্তা বা কমিশনিং-সংক্রান্ত বিষয় নয়। ট্যারিফ নির্ধারণে নির্মাণ ব্যয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, জ্বালানি, অর্থায়ন, ডিকমিশনিংসহ বিভিন্ন আর্থিক বিষয় বিবেচনায় নেওয়া হয়। এ কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB), অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পৃথক প্রক্রিয়ায় এ বিষয়ে কাজ করে।

একইভাবে, Power Purchase Agreement (PPA) হলো বিদ্যুৎ বিক্রয় ও মূল্য নির্ধারণের একটি বাণিজ্যিক চুক্তি। এর সঙ্গে কমিশনিংয়ের নিরাপত্তা বা প্রযুক্তিগত প্রস্তুতির কোনো সম্পর্ক নেই। বিশ্বের অনেক দেশেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের PPA ও Tariff কমিশনিংয়ের শেষ পর্যায় বা বাণিজ্যিক পরিচালনা শুরুর আগে চূড়ান্ত হয়েছে।

অতএব, PPA বা Tariff চূড়ান্ত হওয়ার প্রক্রিয়াকে রূপপুরের নিরাপত্তা বা কমিশনিং প্রস্তুতির ঘাটতি হিসেবে ব্যাখ্যা করা সঠিক নয়।

প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর জাতীয় গ্রিডের স্থিতিশীলতা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এ বিষয়ে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে?

উত্তর: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা শুধু রিঅ্যাক্টরের নকশার ওপর নির্ভর করে না; এটি একটি সমন্বিত জাতীয় প্রস্তুতির বিষয়। তাই রূপপুর প্রকল্পের শুরু থেকেই জাতীয় গ্রিডের সক্ষমতা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বিকিরণ পর্যবেক্ষণ, চিকিৎসা, অগ্নিনির্বাপণ, আইনশৃঙ্খলা এবং স্থানীয় প্রশাসনের প্রস্তুতিকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (PGCB) প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা, গ্রিড স্টাডি ও সুরক্ষা সমন্বয় সম্পন্ন করেছে। পাশাপাশি সমন্বিত জরুরি মহড়া, অগ্নিনির্বাপণ মহড়া এবং নিরাপত্তা মহড়া সফলভাবে পরিচালিত হয়েছে।

রূপপুরে আন্তর্জাতিক মান অনুযায়ী Defence-in-Depth নিরাপত্তা ব্যবস্থা, Emergency Preparedness and Response Plan, বিকিরণ ও পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে। IAEA-এর IPPAS Mission-সহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যালোচনাও এসব প্রস্তুতির মূল্যায়ন করেছে। জনগণের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।

প্রশ্ন: চেরনোবিল ও ফুকুশিমার দুর্ঘটনার উদাহরণ দিয়ে অনেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আধুনিক VVER-1200 প্রযুক্তির সঙ্গে ওই বিদ্যুৎকেন্দ্রগুলোর মৌলিক পার্থক্য কী? দেশের জনগণ কেন রূপপুরের নিরাপত্তার বিষয়ে আস্থা রাখতে পারেন?

উত্তর: চেরনোবিল ও ফুকুশিমা বিশ্ব পারমাণবিক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলেও, ওই দুই কেন্দ্রের প্রযুক্তির সঙ্গে রূপপুরের প্রযুক্তির মৌলিক পার্থক্য রয়েছে। চেরনোবিল ছিল RBMK এবং ফুকুশিমা ছিল Generation-II BWR প্রযুক্তির রিঅ্যাক্টর। অন্যদিকে রূপপুরে ব্যবহৃত VVER-1200 হলো আধুনিক Generation-III+ প্রযুক্তি, যার নকশায় অতীতের সব বড় পারমাণবিক দুর্ঘটার অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

রূপপুরে Defence-in-Depth নীতির ভিত্তিতে Double Containment, Core Catcher, Passive Heat Removal System, Emergency Core Cooling System, Hydrogen Recombiner এবং Severe Accident Management-সহ একাধিক সক্রিয় ও নিষ্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি প্রতিটি অপারেশনাল ধাপ কঠোর নিয়ন্ত্রক তদারকি, আন্তর্জাতিক মূল্যায়ন এবং প্রশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত জনবলের মাধ্যমে পরিচালিত হবে।

তাই আধুনিক Generation-III+ প্রযুক্তির রূপপুরকে অতীতের প্রযুক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সরাসরি তুলনা করা প্রযুক্তিগতভাবে সঠিক নয়। রূপপুরের নিরাপত্তা আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানদণ্ড এবং বহুস্তরীয় স্বাধীন নিয়ন্ত্রক ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত।

প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং কার্যক্রম অনেকের কাছে দীর্ঘ ও জটিল মনে হচ্ছে। কেউ কেউ মনে করছেন, সময় বেশি লাগছে মানেই প্রকল্পে সমস্যা রয়েছে। বাস্তবে কমিশনিং প্রক্রিয়া এত দীর্ঘ হওয়ার কারণ কী?

উত্তর: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং বিশ্বের সবচেয়ে কঠোর ও নিয়ন্ত্রিত শিল্পপ্রক্রিয়াগুলোর একটি। প্রচলিত বিদ্যুৎকেন্দ্রের মতো শুধু যন্ত্রপাতি স্থাপন শেষ হলেই এটি চালু করা যায় না। প্রতিটি সিস্টেম, যন্ত্রপাতি ও নিরাপত্তা ব্যবস্থা ধাপে ধাপে পরীক্ষা, যাচাই এবং সমন্বিতভাবে মূল্যায়ন করতে হয়। প্রতিটি পর্যায়ে শত শত Acceptance Criteria পূরণ করতে হয় এবং ফলাফল বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়।

রূপপুরেও একই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC)-এর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী কমিশনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং BAERA, VO Safety, CREA, Rostechnadzor ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ পর্যালোচনা করছেন। কোনো পরীক্ষায় সন্তোষজনক ফল না এলে প্রয়োজনীয় সংশোধনের পর তা পুনরায় সম্পন্ন করা হয়।

তাই কমিশনিংয়ে সময় লাগা কোনো দুর্বলতার লক্ষণ নয়; বরং এটি পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া।

প্রশ্ন: সম্প্রতি বিভিন্ন তথ্য, মতামত ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। দেশের জনগণের উদ্দেশ্যে আপনার বার্তা কী?

উত্তর: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ও প্রযুক্তিগতভাবে সবচেয়ে জটিল অবকাঠামো প্রকল্পগুলোর একটি। এর নিরাপত্তা ও পরিচালন সক্ষমতা শুধু NPCBL-এর ওপর নির্ভরশীল নয়; বরং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, BAEC, BAERA, VO Safety, CREA, Rostechnadzor এবং IAEA-এর বহুস্তরীয় নিয়ন্ত্রক তদারকি, মূল্যায়ন ও কারিগরি সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে।

আমি দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই—নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। প্রয়োজনীয় প্রতিটি কমিশনিং পরীক্ষা, নিরাপত্তা মূল্যায়ন এবং নিয়ন্ত্রক অনুমোদন সম্পন্ন হওয়ার পরই পরবর্তী ধাপে অগ্রসর হওয়া হবে।

রূপপুর শুধু একটি বিদ্যুৎকেন্দ্র নয়; এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রতীক। তাই সবাইকে অনুরোধ করব, এ প্রকল্প সম্পর্কে মতামত গঠনের ক্ষেত্রে যাচাইকৃত তথ্য, বৈজ্ঞানিক বাস্তবতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্যসূত্রের ওপর নির্ভর করুন। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে NPCBL সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।