
আদালত প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান এবং সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের নানা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-২-এ আনা হয়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনের বিরুদ্ধে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করেছিলেন। সেই আদেশ বাস্তবায়ন করতেই আজ তাকে হাজির করা হয়।
প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে নতুন এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো (Shown Arrest) এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।
২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে ফেনী এলাকায় সংঘটিত অপরাধের একটি মামলায় আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল গত ২১ জুলাই। তবে মোজাফফর হোসেনের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ বা যোগসাজশের অভিযোগ ওঠায় আদালত সেদিন নতুন তারিখ নির্ধারণ না করে আজ দুজনকেই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর হোসেন।
গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ১৬ জুলাই তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।
আজকের শুনানির পর প্রসিকিউশনের রিমান্ড বা জিজ্ঞাসাবাদের আবেদনের বিষয়ে আদালতের নির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।
