রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

0
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে নগরীর শাহমখদুম ও চন্দ্রিমা থানা পল্লবি আবাসিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সহকর্মীর বাড়িতে যাওয়ার পথে গাংপাড়া কবরস্থানের সামনে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

আহত ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা। সংবাদ লেখা পর্যন্ত তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন এবং তার জ্ঞান ফেরেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, একই ঘটনায় সাংবাদিক আবির শেখ, তার ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) এবং দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবির শেখের দাবি, পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি ও ভিডিও ধারণের জেরে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়।

তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#