কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলেছে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ।
শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্টি গোলাবাড়ি বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওই ব্যক্তির নাম মো. হাবিবুল্লাহ (৪০)। তিনি ওই এলাকার আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে। তিনি ফার্নিচারের ব্যবসা করতেন।
পরিবারের অভিযোগ, গত বুধবার থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা থাকলেও তিনি কারও ফোন ধরছিলেন না| শেষ পর্যন্ত দোকানঘর থেকে বের হওয়া দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তার অর্ধগলিত মরদেহের সন্ধান মেলে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন, হাবিবুল্লাহর অনেক টাকা ঋণ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় অনেক কিছুই অস্পষ্ট রয়ে গেছে।

