বাংলাদেশ প্রতিবেদকঃ উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলা ও নাশকতা চালাতে পারে—গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল শাখা থেকে পাঠানো এক জরুরি বার্তার মাধ্যমে মাঠপর্যায়ের সব ইউনিটকে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা তথ্যে জানা গেছে, উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ যেকোনো সরকারি গাড়িকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। ফলে পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সদর দপ্তর। বার্তায় বলা হয়, এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ থাকবে না।
সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, কর্তব্যরত অবস্থায় কোনো গাড়ি সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে। চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থায় গাড়ি অলস বা অরক্ষিত (Unattended) রাখা যাবে না। সার্বক্ষণিক পুলিশের নজরদারির আওতায় রাখতে হবে।
ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তায় বিশেষ কড়াকড়ি আরোপের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কম্পাউন্ড ও সংলগ্ন এলাকাগুলোতে নিয়মিত টহল জোড়াদারকরণ, সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর ওপর তীক্ষ্ণ নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে।
বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট সব ইউনিটের প্রধানদের এসব নির্দেশনা অবিলম্বে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

