ঈশ্বরদী প্রতিবেদক: পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সুজানগর উপজেলার চিনাখড়া কারিগরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শাজাহান শেখ (৫০), পিতা: মৃত শুকুর শেখ। স্থায়ী ঠিকানা: বাবুপাড়া (কাশিনাথপুর), থানা-সাঁথিয়া; বর্তমান ঠিকানা: চিনাখড়া (কারিগরপাড়া), থানা-সুজানগর, জেলা-পাবনা।
এছাড়া মো. রুহুল আমিন শেখ (৩৭), পিতা: মৃত সোরহাব শেখ, সাং-বাবুপাড়া (কাশিনাথপুর), থানা-সাঁথিয়া, জেলা-পাবনা।
তল্লাশিকালে শাজাহান শেখের কাছ থেকে ৪০ পিস এবং রুহুল আমিন শেখের কাছ থেকে ৪০ পিস, মোট ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি শাজাহান শেখের হেফাজত থেকে ইয়াবা বিক্রির ৩ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সুজানগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

