গ্যাস সরবরাহ শুরু, দুই-তিন দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস জ্বালানিমন্ত্রীর

0
গ্যাস সরবরাহ শুরু, দুই-তিন দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস জ্বালানিমন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশে চলমান তীব্র গ্যাস সংকট কাটিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দু-তিন দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাসের কথা জানান।

আজ বিকেল থেকেই আবার লাইনে গ্যাস সঞ্চালন শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে কারিগরি ফ্রিজিং কার্যক্রম চলছে। এটি শেষ হওয়ার পরপরই বিকেলে সঞ্চালন চালু করা হবে। সঞ্চালন শুরু হলে যে অঞ্চলগুলোতে গ্যাসের চাপ কমে গেছে, সেখানে ধীরে ধীরে চাপ স্বাভাবিক হতে শুরু করবে। এরপর প্রয়োজন অনুযায়ী গ্যাস উত্তোলন বাড়ানো সম্ভব হবে।’

তবে গ্যাস সরবরাহ পুরোপুরি আগের অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। তবে সংকটের আগে সরবরাহ যেমন ছিল, নির্ধারিত সময়ের মধ্যে ঠিক সেভাবেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে যে প্রভাব পড়েছে, সে বিষয়ে জ্বালানিমন্ত্রী জানান, গ্যাস না থাকায় সাধারণ গ্রাহকের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোও পর্যাপ্ত সরবরাহ পায়নি। ফলে কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়েছিল। গ্যাস সরবরাহ ফের চালু হলে বন্ধ হওয়া পাওয়ার স্টেশনগুলো দ্রুত চালু করে লোডশেডিং কমানো হবে।

গ্রাহকদের বিদ্যুতের অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা বহুবার বলেছি সুনির্দিষ্ট বিলগুলো নিয়ে আসতে, কিন্তু কেউ বিল নিয়ে আসে না।’ তিনি এর ব্যাখ্যায় জানান, গত জুন মাস থেকে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ বা বাড়ানো হয়েছে। এছাড়া মার্চ মাসের আবহাওয়ার তুলনায় জুনের গরমের ধরন ও বিদ্যুৎ ব্যবহারের পরিমাণে পার্থক্য ছিল, যার কারণে বিলে কিছুটা প্রভাব পড়তে পারে।