রংপুর নগরীর প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ

0

জয়নাল আবেদীন: রংপুর নগরীর প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাথে প্রাইমারী হেলথ কেয়ার প্রোগ্রাম চালু নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন কনফারেন্স রুমে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষে প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী ডন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার নাজু সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে দু’দিন রবিবার এবং মঙ্গলবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। এছাড়া হাসপাতালে স্বল্পমূল্যে সিটি কর্পোরেশনের বাসিন্দাদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ, রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন সহ অন্যান্য কর্মকর্তা।