চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাঁদে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ওই এলাকায় কালভার্টের নির্মাণকাজ চলায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনা মসজিদ বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (২০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবু হায়াত ও হাবিব। পথে মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহিল কাফি জানান, ভোর ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে ।