টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৩ হাউজবোটকে অর্থদণ্ড

0
টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৩ হাউজবোটকে অর্থদণ্ড

তাহিরপুর প্রতিনিধি: টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৩টি হাউজবোটকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করেছে প্রশাসন।সংরক্ষিত ইসিএ এলাকার ভেতর দিয়ে বিধিনিষেধ অমান্য করে চলাচলের দায়ে এসব হাউজবোটের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ অনুযায়ী ৩টি মামলায় ৩টি হাউজবোটকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেহেদী হাসান বলেন,টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকার।পর্যটন হবে,তবে তা হতে হবে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল। ইসিএ এলাকার বিধিনিষেধ অমান্য করে কেউ হাওরের পরিবেশের ক্ষতি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন জানিয়েছে,টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পরিবেশ আইন ও নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে নজরদারি এবং মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।