শার্শায় শিশু ধর্ষণ মামলা: ১ ঘণ্টার মধ্যেই আটক ‘মেঝ আব্বু’ মকছেদ

0
শার্শায় শিশু ধর্ষণ মামলা: ১ ঘণ্টার মধ্যেই আটক ‘মেঝ আব্বু’ মকছেদ

শহিদুল ইসলাম: যশোরের শার্শায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের ১ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) অভিযুক্ত মকছেদ আলী (৫৫) কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মকছেদ আলী শার্শা থানার মহিষা (মোল্লাপাড়া) গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মকছেদ আলী ভিকটিমের প্রতিবেশী এবং সম্পর্কে সে তাকে ‘মেঝ আব্বু’ (চাচা) বলে ডাকত।

গত ১২ আগস্ট বিকেল আনুমানিক বিকালে সময় ভিকটিম খেলাধুলা করতে গেলে অভিযুক্ত মকছেদ আলী তাকে টাকার লোভ দেখিয়ে মহিষা গ্রামস্থ আনারুলের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি গোপন রাখতে হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনার পর শিশুটি ভয়ে কাউকে কিছু না বললেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে প্রতিবেশী এক খালার কাছে বিষয়টি জানালে পরিজনরা ঘটনাটি জানতে পারেন।

বুধবার ভিকটিমের বাবা মাওলা বকস (৫১) শার্শা থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দায়ের করলে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর যশোর জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মোস্তাক আহামেদ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৩:০৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে এজাহার দায়েরের মাত্র ১ ঘণ্টার মধ্যে নিজ এলাকা থেকে অভিযুক্ত মকছেদ আলীকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার সকালে মামলা করা হয়েছে। মামলার আসামিকে দ্রুত আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।একই সঙ্গে ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় আইনগত ও চিকিৎসাসংক্রান্ত সহায়তার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।