শিবগঞ্জের আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

0
শিবগঞ্জের আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের ভেতর থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমবাগানের ভেতর অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, এক কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।