সুনামগঞ্জে সৎ মায়ের হাতে সাত বছরের শিশু খুন

0
সুনামগঞ্জে সৎ মায়ের হাতে সাত বছরের শিশু খুন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের কুরবাননগরে জাকিয়া আক্তার নিহা(৭)নামের এক শিশু কন্যাকে নদীতে ফেলে খুনের দায়ে সৎ মা আছিয়া বেগম (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকারী সৎ মাকে ২১ (আগস্ট) শুক্রবার সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

২০ (আগস্ট) বৃহস্পতিবার দুপুরে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় ঘাতক আছিয়া বেগমকে।সে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গোদারগাঁও গ্রামের মো:তাজ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানাগেছে, সদর উপজেলার গোদারগাঁও গ্রামের তাজউদ্দীন পেশায় একজন রাজমিস্ত্রী। শিশু নিহা ছিলেন তার প্রথম স্ত্রীর চার নম্বর সন্তান। চার বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তাজউদ্দীন সুনামগঞ্জ শহরের হাছননগরের আছিয়া বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন। আছিয়া বেগমের কোনো সন্তান নেই। বিয়ের কিছুদিন পর থেকেই প্রথম স্ত্রীর সন্তান ও পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। গত ১৭ আগস্ট সকাল ১১টার দিকে নিহাকে নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের সুরমা নদীতে গোসল করতে যান আছিয়া বেগম।ওই দিন দুপুরে তাজউদ্দীন তার মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।পরে প্রচুর খোঁজা-খুঁজির পর মেয়েকে কোথাও না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

পরদিন ১৮ আগস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরমা নদীতে তল্লাশি চালিয়েও নিহার কোনো সন্ধান পায়নি।

ঘটনার দু’দিন পর ১৯ (আগস্ট) বুধবার সকালে সুরমা নদীর রাজারগাঁও গ্রামের অংশ থেকে নিখোঁজ নিহার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টার অভিজিৎ ভৌমিক জানান,এ ঘটনায় নিহত নিহার বাবা তাজউদ্দীন বাদী হয়ে স্ত্রী আছিয়া বেগমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।মামলার পর পুলিশ গোদারগাঁও গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আছিয়া বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আছিয়া বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে সতীনের মেয়েকে খুন করে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার উক্তি দিয়েছেন।এবং তার মাথায় শয়তান ভর করায় তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানান।

উদ্ধারকৃত শিশুর মরদেহে একাধিক জখমের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।