আদালত প্রতিবেদকঃ বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাঁদের কোনো সন্ধান মেলেনি।
চলমান তদন্তে উইং কমান্ডার সাইফুর রহমানের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। প্রসিউকিউশন সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের এই মামলার তদন্ত কার্যক্রম এখনো চলছে এবং তদন্ত শেষ হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

