চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

0
চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ হাজার ১২৫ বোতল কথিত এস্কাফ সিরাপসহ মো. সামি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

বুধবার (২৬ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর মহল্লায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘরের সামনে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স অভিযান চালিয়ে মো. সামিকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো ও শনাক্ত মতে ১ হাজার ১২৫ বোতল কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য কথিত এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ১৭-৮৯২৫, জব্দ করা হয়।

গ্রেপ্তার সামি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার খালপাড় চেঙ্গাইন এলাকার মৃত বদুর ছেলে। বর্তমানে তিনি সোনাপুর এলাকায় তার ফুফু মোছা. বানুর বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানমুক্ত জেলা গড়ার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করতে এবং মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।