ঝিনেদহ প্রতিনিধিঃ ধর্ম পালন বা ধর্মীয় অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের বাধা-বিপত্তি, বিশৃঙ্খলা কিংবা মাস্তানির সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দির চত্বরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতা, নিরাপত্তা ও শান্তিময় পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করছেন। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় চর্চার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।
ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে ধরাধামে অশুভ, অন্যায় ও অপশক্তির বিনাশ ঘটিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশাপাশি থেকে ভূমিকা রাখবেন।
শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত এই উৎসব-সংহতি, ভক্তি ও শ্রদ্ধার আয়োজনে অংশ নিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সরকারের দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র্যালিতে সরাসরি অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সর্বস্তরের ভক্তরা উপস্থিত ছিলেন।

