বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধা পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী নাজমা আরা বারী এবং গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ঢাকা থেকে পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচিতে যোগ দিতে জয়পুরহাটের কালাই উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বহরটি মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ব্রিজের কাছাকাছি গোপীনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ফিরোজা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা পথচারী রাস্তার ওপর চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে গাড়িটির চালক তাৎক্ষণিক জরুরি ব্রেক কষেন এবং স্টিয়ারিং ঘুরিয়ে দেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের নিচু কৃষিজমিতে পড়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে সবাইকে উদ্ধার করেন।
প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে তাদের কালাইয়ে প্রতিমন্ত্রীর নিজস্ব বাসভবনে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বারীকে জয়পুরহাট ২৫০/৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা দুজনেই শঙ্কা মুক্ত এবং শরীরে সামান্য আঘাত পেয়েছেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী পথচারী ফিরোজা বেগম (৫৫)। তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ সামনে চলে আসা পথচারীকে রক্ষাতেই চালক গাড়িটি দ্রুত সরাতে গিয়েছিলেন, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার খবর পেয়ে বগুড়া ও জয়পুরহাট জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন।

