ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে চুরির অভিযোগে তরুণকে আটক, মাথার চুল কেটে ‘শাস্তি’—ভিডিও ভাইরাল সিয়াম হোসেন (১৯) নামে এক তরুণকে আটক করে তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া (প্রামাণিকপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিয়াম হোসেন একই ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে জয়নগর মধ্যপাড়া গ্রামের শাহিনুর প্রামাণিকের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় স্থানীয় কয়েকজন যুবক সিয়ামকে আটক করেন। পরে চুরির অভিযোগে স্থানীয় বকুল প্রামাণিক নামে এক ব্যক্তি তার মাথার চুল কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, সিয়াম মাদকাসক্ত এবং মাদক সেবনের জন্যই মোবাইল ফোনটি চুরি করেছেন। তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে।
ঘটনার সময় কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ প্রমাণের আগেই একজন তরুণকে এভাবে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী সিয়ামের বাবা সুজন সরদার বলেন, ছেলেকে আটকের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তার দাবি, সিয়াম মানসিকভাবে অসুস্থ এবং অনেক সময় সে নিজের কাজের পরিণতি বুঝতে পারে না। এ কারণে হয়তো সে মোবাইল ফোনটি নিয়েছে। তবে চুল কেটে তাকে নির্যাতনের ঘটনাটি অত্যন্ত অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

