কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চমবারের মতো ‘নুরে মুজাসসাম কনফারেন্স’ এবং প্রথমবারের মতো ‘সীরাত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কুবি গাউসিয়া কমিটির প্রচার সম্পাদক আবরার আহমেদ আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও আন-নুসরা ফাউন্ডেশনের পরিচালক শাইখ মুহাম্মাদ জয়নুল আবেদিন চৌধুরী আল-ক্বাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদ্বেরী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হামদ ও নাতে রাসুল (সা.) পরিবেশনের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও কর্মময় দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর মর্যাদা ও আদর্শ অনুসরণ করে জীবন গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নবীজির আদর্শ অনুসরণের প্রসঙ্গ তুলে ধরে তারা ক্যাম্পাসে র্যাগিং সংস্কৃতির সমালোচনা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
জানা যায়, সীরাত অলিম্পিয়াডে মোট ৭০ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে প্রথম ১২ জনকে পুরস্কৃত করা হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, “ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের ক্ষুদ্র সামর্থ্যে নবী করীম (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা আল্লাহর রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য অনুষ্ঠানে এসেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষার্থী এবং অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন হিসেবে শিক্ষার্থীদের খেদমতে কাজ করে যাব।”
কুবি গাউসিয়া কমিটি বাংলাদেশের শাখা সভাপতি সাইদুর রহমান বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর মিলাদের মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাসুল (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার উদ্দেশ্যে আজকের কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে রাসুল (সা.)-এর ভালোবাসা ও সীরাত অনুসরণের প্রতিযোগিতা শুরু হোক।’

