বাগেরহাটে মৎস্য ও পশুখাদ্য বিক্রেতাকে জরিমানা দুই প্রতিষ্ঠানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা

0
বাগেরহাটে মৎস্য ও পশুখাদ্য বিক্রেতাকে জরিমানা দুই প্রতিষ্ঠানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা

এস. এম. সাইফুল ইসলাম কবির: সুন্দরবনঘেঁষা উপকূলবাগেরহাটের রামপালে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর বিধান লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফয়লাবাজারে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন সরকারের নেতৃত্বে ফয়লাবাজারের বিভিন্ন মৎস্য ও পশুখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকা এবং মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর বিধান লঙ্ঘনের দায়ে বিসমিল্লাহ ফার্মেসির স্বত্বাধিকারী আজিজুল ইসলামকে ১ হাজার টাকা এবং মেসার্স তৃপ্তি কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী শেখ আরজুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, বাজারে নিরাপদ ও মানসম্মত মৎস্য ও পশুখাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।