জয়পুরহাট প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির সূচনা করা হয়েছে।
রবিবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদ অফিস ভবন প্রাঙ্গণে এই অভিযানের উদ্বোধন করা হয়। জেলা পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা ডেঙ্গুমুক্ত জয়পুরহাট গড়তে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
অনুষ্ঠানটির শুভ সূচনা শেষে জেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

