রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

0
রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ রাহাদুর রহমান নয়নকে (৩৮) গ্রেফতার করেছে এসআরবি-৫।

সোমবার (২১ সেপ্টেম্বর) মামলা রুজুর পর ২১ সেপ্টেম্বর দিনগত রাত ২টার দিকে নগরীর রাজপাড়া থানার নিমতলা ঘোষমাহাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকালে এসআরবি-৫, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এসআরবি জানায়, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর রাজপাড়া থানায় নয়নসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীর সঙ্গে নয়নের আগে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে ও বিচ্ছেদের পর এফিডেভিট করার কথা বলে গত ১৫ জুলাই তাঁকে বিলসিমলা এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগীকে দাশপুকুর মুজিবরের মোড়ের একটি ভাড়া বাসায় ডেকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর অসুস্থ করা হয়। চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর তাঁকে আবার ওই বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২২৩ ও ৩২৮ ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতার নয়নকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে রাজপাড়া থানা পুলিশ।