কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় তানিয়া বেগম (২৫) নামের ৭ মাসের এক অন্ত:স্বত্ত্বা নারীর পেটে লাথি ও তার স্বামী হাবিব পাহলান (৪৫) এবং পিতা দুলাল হাওলাদার (৫৫) কে মারধরের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে । ঘটনার পর পরই ওই নারীর গর্ভপাতের ঘটনা ঘটে এবং নবজাতকের মৃত্যু হয়। শনিবার রাত আটটায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক হাবিব রাত আটটার দিকে ওই ইউনিয়নের বেতমোর গ্রামের শ্বশুর বাড়ি থেকে অটো রিকশা যোগে তার অন্ত:স্বত্ত্বা স্ত্রী তানিয়া ও শ্বশুর দুলালকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় মুন্সী বাড়ি স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর দাড়িয়ে ছিলো বখাটে সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার (২২)। তারা সড়কের উপর দাড়িয়ে থাকায় হাবিবের অটো চালাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এসময় হাবিব তাদের সড়ক থেকে সরে দাড়াতে বলে। এতে হাবিবের সঙ্গে বখাটেদের বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং বখাটে দল তাদের মারধর শুরু করে৷ স্বামী ও পিতাকে বাঁচাতে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি দেয়া হয় এবং তাদের অন্তত: দেড় ঘন্টা দাড় করিয়ে রাখা হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে প্রবেশের পথে তানিয়ার গর্ভপাত হয় এবং কিছুক্ষন পর নবজাতকের মৃত্যু হয়।
তবে এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এহসান বলেন, পেটে আঘাত জনিত কারণে রোগীর রক্তক্ষরণ হয়ে গর্ভপাতের ঘটনা ঘটে। আমরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছিলাম। কিন্তু তারা জরুরি নিতে না পারায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

