বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হয়রানির প্রতিবাদ: প্রেস ক্লাবের সামনে অটোচালকদের সড়ক অবরোধ, ঢাকাজুড়ে তীব্র যানজট

0
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হয়রানির প্রতিবাদ: প্রেস ক্লাবের সামনে অটোচালকদের সড়ক অবরোধ, ঢাকাজুড়ে তীব্র যানজট

বাংলাদেশ প্রতিবেদকঃ গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ ও ট্রাফিক পুলিশের অন্যায্য ডাম্পিং বন্ধের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও অটোচালকেরা। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক রাস্তা আটকে বিক্ষোভে নামেন। আকস্মিক এই আন্দোলনের প্রভাবে সকাল থেকেই রাজধানীর অধিকাংশ এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে কর্মমুখী সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আন্দোলনরত অটোচালকদের প্রধান অভিযোগ, কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই সম্প্রতি তাদের গাড়ি চার্জ দেওয়ার গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এর পাশাপাশি রাস্তায় ট্রাফিক পুলিশের মামলা ও ডাম্পিং আতঙ্কে স্বাভাবিকভাবে তারা আয়-রোজগার করতে পারছেন না।

বিক্ষোভকালে আন্দোলনরত চালক সালাউদ্দিন বলেন, “আমাদের চার্জিং পয়েন্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে জীবিকায় টান মারা হয়েছে। এর ওপর ট্রাফিক পুলিশ ধরলেই ৫ হাজার টাকা করে মামলা দিচ্ছে ও ডাম্পিং করছে। আমাদের সুনির্দিষ্ট দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

আরেক চালক ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশজুড়ে লাখ লাখ মানুষ অটো চালিয়ে সংসার চালায়। বৈধভাবে গাড়ি চালানো সত্ত্বেও আমাদের ওপর হয়রানি চালানো হচ্ছে। অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বলুক, কিন্তু নিরীহ চালকদের ডাম্পিং বন্ধ করতে হবে। রাস্তা যেখানে আছে, অটো সেখানেই চলবে।”

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকাল থেকেই রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ অধিকাংশ এলাকায় অটোরিকশার উপস্থিতি ছিল একেবারে নগণ্য। বিকল্প বাহন না পেয়ে হেঁটে ও বাড়তি ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে দেখা যায় অনেককে।

এদিকে সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনের দুই পাশের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় পল্টন, কদম ফোয়ারা ও সচিবালয় সংলগ্ন এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানান, “অটোচালকদের আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য পর্যাপ্ত পুলিশ ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”